প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ০৮:৫৪ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১১:৪০ এএম
ছবি : সংগৃহীত
মৌরিতানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এনডিয়াগোর কাছে নৌকাডুবির ঘটনায় অন্তত ৮৯ জন অবৈধ অভিবাসী মারা গেছে। ৭২ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ও এক স্থানীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
মৌরিতানিয়ান নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, অভিবাসীরা একটি বৃহৎ ঐতিহ্যবাহী মাছ ধরার নৌকায় যাত্রা করছিল। যাত্রাপথে সোমবার (১ জুলাই) এনডিয়াগো শহর থেকে ৪ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের উপকূলে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় উপকূলরক্ষীরা ৮৯ জনের মরদেহ উদ্ধার করেছে। তারা পাঁচ বছরের একটি মেয়েশিশুসহ নয়জনকে জীবিত উদ্ধার করেছে।
বেঁচে যাওয়াদের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘নৌকাটি ছয় দিন আগে সেনেগাল-গাম্বিয়া সীমান্ত থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করে। এতে ১৭০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল। যাদের মধ্যে এখনও ৭২ জন নিখোঁজ রয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তাও এএফপিকে একই তথ্য দিয়েছেন।
আটলান্টিক রুটটি শক্তিশালী স্রোতের কারণে বিশেষ করে বিপজ্জনক। তার ওপর প্রায়ই সমুদ্রে চলাচলের অযোগ্য নৌকায় অভিবাসীরা যাত্রা করছে। আর সে নৌকাগুলো ধারণক্ষমতার বেশি লোক বহন করছে। তাদের সঙ্গে থাকছে না পর্যাপ্ত সুপেয় পানি। ফলে তাদের অনেকেই নৌকাডুবিতে বা সুপেয় পানির অভাবে পথিমধ্যে মারা যাচ্ছে।
সূত্র : দ্য গার্ডিয়ান, সিনহুয়া