প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ১০:২৯ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪ ১৪:১২ পিএম
ছবি : সংগৃহীত
মালির বিদ্রোহী অধ্যুষিত মধ্যাঞ্চলের একটি গ্রামে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (২ জুলাই) দেশটির স্থানীয় কর্মকর্তারা এ বিষয়ে জানিয়েছেন।
সোমবার দেশটির মোপ্তি অঞ্চলের জিগুইবোম্বো গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। এটি মালির উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি এলাকার মধ্যে একটি যেখানে আল কায়দা ও ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট জিহাদি গোষ্ঠীগুলো এক দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রয়েছে।
ব্যাঙ্কাসের মেয়র মৌলায়ে গুইন্দো ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এটি একটি খুবই ভয়াবহ হামলা ছিল। সশস্ত্র ব্যক্তিরা গ্রামটি ঘিরে ফেলে ও লোকজনকে নির্বিচারে গুলি করেছে।’ তিনি এ হামলায় কতজন নিহত হয়েছেন, সে সংখ্যা জানাতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, এ হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন।
কর্মকর্তাদের একজন বলেছেন, ‘এটি ছিল হত্যাযজ্ঞ। তারা গ্রামটি ঘিরে ফেলেছিল। সেখানে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু মানুষ সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু অনেকেই নিহত হন। নিহতদের বেশিরভাগই পুরুষ।’
তারা হামলাকারীদের শনাক্ত করতে পারেননি। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠীও এ হামলার দায় স্বীকার করেনি।
সূত্র : রয়টার্স