ভারতের লোকসভা নির্বাচন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৩:০৬ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪ ১৩:৩২ পিএম
ভারতের প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত
রাহুল গান্ধীকে ভারতের ১৮তম লোকসভায় বিরোধী দলনেতা (এলওপি) হিসেবে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া ব্লকের নেতাদের বৈঠকের পর এ ঘোষণা দিয়েছে কংগ্রেস।
মঙ্গলবার বৈঠক শেষে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা কেসি বেণুগোপাল সাংবাদিকদের বলেন, ‘কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী প্রোটেম স্পিকার ভর্তৃহরি মাহতাবকে চিঠি লিখে রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছেন।’
তিনি আরও জানিয়েছেন, অন্যান্য পদে কাদের নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে নির্বাচনের ফল প্রকাশের পরপরই কংগ্রেস ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলের নেতৃত্ব দেওয়ার জন্য সুপারিশ করার পক্ষে ভোট দিয়েছিল। তখন অবশ্য তিনি এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন।
লোকসভায় ৫৫টির বেশি আসন পেলে কোনো দল এলওপি পদের জন্য দাবি করতে পারে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৯৯ টি আসনে জয় লাভ করেছে কংগ্রেস। ফলে দীর্ঘ এক দশক পর কংগ্রেস থেকে বিরোধী দলনেতার পদ পাচ্ছে।