মমতার মন্ত্রিসভায় ৮ নতুন মুখ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২২ ১৮:০৭ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২২ ১৮:৩৬ পিএম
মমতা বন্দ্যোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়
অর্থপাচার মামলায় পার্থ চট্টোপাধ্যায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হওয়ার দেড় সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় রদবদল আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে রাজভবনে গভর্নর লা গণেশনের কাছে নতুন ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। খবর আনন্দবাজারের।
শপথ নেওয়া মন্ত্রীরা হলেন, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়; আর প্রতিমন্ত্রীরা হলেন, তাজমুল হোসেন, বিপ্লব রায় চৌধুরী ও সত্যজিৎ বর্মণ।
নতুন ৮ জনকে নেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদারকে বাড়তি দায়িত্বও দিয়েছেন।
সোমবার মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় রদবদলের খবর নিশ্চিত করেছিলেন। বলেছিলেন, চার-পাঁচজন বাদ পড়বেন, নতুন কয়েকজন আসবেন।
গত বছরের ৪ নভেম্বর মমতার মন্ত্রিসভার সদস্য সুব্রত মুখোপাধ্যায় এবং এ বছরের ফেব্রুয়ারিতে আরেক সদস্য সাধন পাণ্ডে মারা যান। আর জুলাইয়ের শেষদিকে ইডি পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়ার পর পার্থকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর থেকেই মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন শুরু হয়।
/এইচকে/এমজে/