গাজীপুর সংবাদদাতা
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ২১:৪২ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৩:২২ পিএম
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী। ছবি : প্রবা
করোনার নতুন ধরন বিএফ.৭ দেশে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমাদের দেশে প্রায় ৯৮ ভাগ লোক ভ্যাক্সিনেটেড। আমরা বলতে পারি যে তারা সুরিক্ষত। যে ভ্যারিয়েন্ট আছে এটুকু যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমাদের দেশে এখনই চিন্তার কোনো কারণ নেই।’
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড কারখানার নতুন ভবন উদ্বোধন ও শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের পুনর্মিলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সজাগ থাকতে হবে। যেসব দেশে এই ভ্যারিয়েন্ট দেখা দিচ্ছে, নতুন করে সংক্রমিত হচ্ছে, সেই দেশে যারাই যাবে তাদের সতর্কতা অবলম্বন করা উচিত। যারা টিকা নেয়নি তাদেরকে তৃতীয় এবং চতুর্থ ডোজ টিকা নিতে হবে।’
বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘নতুন নতুন হাসপাতাল হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোর ওপর আমরা নজর রাখতেছি। ক্লিনিকের ওপরও আমরা নজর রাখছি।
‘ইতিমধ্যে আমরা অভিযান চালিয়ে কয়েক হাজার ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছি। এটি একটি চলমান প্রক্রিয়া। এটি চলতে থাকবে। যারা মেনে চলবে না এবং নবায়ন করবে না তাদের ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। আমরা চাই না আমাদের কোনো মানুষ কোনো ক্লিনিকে বা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে প্রতারিত হোক।’