ফাইল ছবি
সারাদেশে গত ১১৩ দিনে হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৭৪১ শিশুর। বিগত মাসে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর মৃত্যু হার কমলেও থামছে না সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এসময় নিশ্চিত হামে মারা যায়নি কোনো শিশু।
এদিকে ১১৩ দিনে হামে আক্রান্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ৩৫৬ শিশু। একই সময়ে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৭৪১ জন। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন। বাকি ৬৪৮ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে যে ৩ শিশু মারা গেছে তাদের মধ্যে একজন ঢাকা, একজন রাজশাহী এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ৯৪৭ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৯০ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১১৩ দিনে সন্দেহজনক হামে আক্রান্তদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৯ হাজার ৭৩৪ জনকে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ৯৪০ রোগীসহ এখন পর্যন্ত হামের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৬ হাজার ৬২ জন রোগী।