ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে এটাই ডেঙ্গুতে প্রথম মৃত্যু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৯ জনে।
সারা দেশে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৬৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৬৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিটি ময়মনসিংহ বিভাগের একজন নারী। তার বয়স ৬১ থেকে ৬৫ বছরের মধ্যে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে ৪৬ জন। পর্যায়ক্রমে চট্টগ্রামে ২৭, খুলনায় ২৪, সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ২৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭, ময়মনসিংহ বিভাগে ১৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন এবং রাজশাহীতে ৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট শনাক্ত রোগীর মধ্যে এখন পর্যন্ত ৫ হাজার ৭৯৩ জন দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ১৬১ জন ডেঙ্গু রোগী।
মোট রোগীদের মধ্যে জুনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুনে এখন পর্যন্ত ২ হাজার ৯০৭ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৬৩ জন।
এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এবছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ মৃত্যু হয়েছে জুনে ১৩ জন।