ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এসময় নিশ্চিত হামে মারা গেছে ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত ৮৫ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৩৬ জনে এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯২ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে যে ৭ শিশু মারা গেছে তাদের মধ্যে ঢাকা বিভাগের ২ জন, রাজশাহী বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন ও ১ জন রংপুরে বিভাগের বাসিন্দা। আর নিশ্চিত হামের মারা যাওয়া শিশুটি ঢাকার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ৯২ জন।
তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯৭৪ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৮৫ দিনে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ১০৪ জন। তাদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৫ হাজার ২৩৭ জনকে। আর একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৭৯ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ১ হাজার ১০৪ রোগীসহ এখন পর্যন্ত হামের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬১ হাজার ২৭৮ জন রোগী।