হামে আক্রান্ত শিশুকে দেওয়া হচ্ছে নেবুলাইজার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) হাম উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এসময় নিশ্চিত হামে কোনো শিশু মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত ৭০ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৪২ জনে এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৮৬ জন।
আরও পড়ুন: হাম মোকাবিলায় আইসিআরসির অনুদান |
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে যে ১৬ শিশু মারা গেছে তাদের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, ময়মনসিংহ ২ জন, রাজশাহী ১ জন, সিলেট ১ জন, বরিশাল ১ জন এবং রংপুর বিভাগের ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ৩০৬ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ হাজার ১৬৯ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭০ দিনে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৮১৩ জন। তাদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫০ হাজার ৫৫৮ জনকে। আর একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬২২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ১ হাজার ২০৩ রোগীসহ এখন পর্যন্ত হামের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৬ হাজার ২১৪ জন রোগী।