প্রবা প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৯ মে ২০২৬ ১৪:২৮ পিএম
আপডেট : ১৯ মে ২০২৬ ১৪:৩৬ পিএম
ফাইল ছবি।
বরিশালে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে একজনের বয়স সাত মাস এবং অপরজনের বয়স দুই বছর তিন মাস। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের
কার্যালয় মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, বরিশাল
বিভিন্ন সরকারি হাসপাতালে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ
নিয়ে ১৪৭ জন ভর্তি হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫০
জনে। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ২৬ জন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৩ জন, বরিশাল জেনারেল হাসপাতালে ২১ জন এবং জেলার
অন্যান্য সরকারি হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন।
এছাড়া পটুয়াখালীতে ৩৪ জন, ভোলায়
২ জন, পিরোজপুরে ১২ জন, বরগুনায় ৭ জন এবং ঝালকাঠিতে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৪
শিশুর মৃত্যু হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়া ভোলায় ৬ জন,
বরগুনায় ৫ জন এবং ঝালকাঠিতে ২ জনের মৃত্যু হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের
ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, “হামের প্রকোপ কিছুটা কমে এসেছে।
টিকাদান কর্মসূচি চলমান থাকায় এর সুফল পাওয়া শুরু হয়েছে। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা
শূন্যের কোটায় নেমে আসবে”।