প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৬ ১৫:৫৮ পিএম
আপডেট : ০৯ মে ২০২৬ ১৯:৪৪ পিএম
ফাইল ফটো
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (৮ মে সকাল ৮টা থেকে ৯ মে সকাল ৮টা পর্যন্ত) ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে এবং সন্দেজনক হাম বা হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেজনক হামের উপসর্গ নিয়ে ৬ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ২৯১ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে যে ৬ শিশুর মৃত্যু হয়েছে; তাদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের, ২ জন খুলনা বিভাগের আর ১ জন সিলেট বিভাগের বাসিন্দা। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩ জন বরিশাল বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘন্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ৯৪৬ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭৬৯ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৪৮৯ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬৫৬ জন। যার মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩৩ হাজার ৬৩১ জন। আর একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৯ জন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ২৯ হাজার ৭৪৬ জন রোগী।