মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬ ২১:৫৫ পিএম
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শহীদ মিলন মিলনায়তনের পাশে চলছে অস্থায়ী ফিল্ড হাসপাতাল নির্মাণ কাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে হাম ও ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ২০ শয্যার একটি ফিল্ড হাসপাতাল নির্মাণের কাজ চলছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ তথ্য জানান।
তিনি বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হাসপাতালের শহীদ মিলন মিলনায়তনের পাশে এই অস্থায়ী ফিল্ড হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে। প্রয়োজনীয় নির্দেশনা পেলেই দ্রুত এটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে”।
পরিচালক আরও জানান, ফিল্ড হাসপাতালটিতে এসি ও নন-এসি উভয় ধরনের শয্যার ব্যবস্থা রাখা হয়েছে। সেনাবাহিনী অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন করবে, আর চিকিৎসা সেবা প্রদান করবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এখানে হাম রোগীদের পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসারও ব্যবস্থা রাখা হচ্ছে, যা চলমান রোগ পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।