ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১৮:২০ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬ ১৮:২২ পিএম
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের সামনে অপেক্ষা করছেন রোগীর স্বজনরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে এখন পর্যন্ত ৬ শিশুর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “২৪ ঘণ্টায় ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ মার্চ হামের উপসর্গ নিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে পরিবার শিশুটিকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছিলেন। পরে নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়। নিউমোনিয়াসহ হাম এবং হৃদ্যন্ত্রের অকার্যকারিতায় গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে হাসপাতালে মোট ৬ শিশুর মৃত্যু হয়েছে”।
আরো পড়ুন: হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল
ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, “গত ২৪ ঘন্টায় হামের লক্ষ্মণ নিয়ে ভর্তি হয়েছে আরও ৯ শিশু। বর্তমানে মোট ভর্তি আছে ৬৭ শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত মোট ১৮১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে”।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, “সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সী রোগী হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালের আটতলায় পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিক্যাল টিম গঠন করে চিকিৎসা চলছে”।