বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৩:২৯ পিএম
শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি নির্মিত হয়েছে। সেই সাথে প্যাথলজি ল্যাবকে সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। আধুনিক এই ল্যাবরেটরি দুইটিতে অটোমেশন চালু করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় হেমাটোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। হাসপাতালের মূল ভবনের ২য় তলার ডি ব্লকে হেমাটোলজি ল্যাবরেটরি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগ উদ্বোধন শেষে ৪র্থ তলার সার্জারি সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সঞ্চালনা করেন ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডা. আফসানা সাবরিন। তিনি বলেন, আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ রোগীদের জন্য দ্রুত ও নির্ভুলভাবে রোগ নির্ণয় করা হচ্ছে। নতুন এই ল্যাবরেটরি মেডিসিন বিভাগে রোগীদের জন্য নমুনা সংগ্রহ ও শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামাগারে ব্যবস্থা করা হয়েছে। এখানে সবকটি কাউন্টারে অটোমেশন চালু করা হয়েছে। যা ল্যাবরেটরির কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করছে।
হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী বলেন, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর স্যারের সহযোগিতায় পদ সৃষ্টির ১৫ বছর পর গত ৩ আগস্ট হাসপাতালে চালু করা হয় হেমাটোলজি বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম। সেখানে রক্ত, অস্থিমজ্জার রোগ নির্ণয়, চিকিৎসা, রোগ প্রতিরোধে, নতুন চিকিৎসা পদ্ধতি, কৌশল উদ্ভাবন ও রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় আজ উদ্বোধন করা হলো হেমাটোলজি ল্যাবরেটরি। এই ল্যাবরেটরিতে রক্ত কোশ, হিমোগ্লোবিন, রক্তের প্রোটিন, অস্থি মজ্জা, প্লেটলেট, রক্তনালী, প্লীহা এবং জমাট বাঁধার প্রক্রিয়া, হিমোফিলিয়া, ব্লিডিং ডিসঅর্ডার, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যানসার সম্পর্কিত রোগ নির্ণয় করা সম্ভব হবে।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী, হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম নজমূল আহসান, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মাদ মাহামুদ হাসান ও সহকারী পরিচালক (অর্থ ও ভা-ার) সিনিয়র মেডিকেল স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েম সাদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, প্রিন্ট ওঅনলাইন মিডিয়ার সাংবাদিকরা।