প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ২০:১১ পিএম
ফাইল ফটো
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজনই ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এ বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৭ জনে। এরমধ্যে নভেম্বরের ১৬ দিনেই মৃত্যু হয়েছে ৯২ জনের। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন। বছরে মোট রোগী ভর্তি হয়েছে ৭৮ হাজার ৫৯৫ জন। নভেম্বরে এখন পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছে ১৬ হাজার ৭৭৮ জন।
শনিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা এবং দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে পাঁজজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে দুইজন শিশু।
এসময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ২৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩৬ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।