প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ মে ২০২৪ ২২:৩৭ পিএম
৯১ বছর বয়সে মহাকাশ জয় করেছেন এডোয়ার্ড ডোয়াইট।
আসলেই অসাধারণ। একটি জীবন পাল্টে দেওয়া অভিজ্ঞতা। প্রত্যেকের এ অভিজ্ঞতা নেওয়া উচিত। মহাকাশ থেকে পৃথিবীতে অবতরণের চিৎকার দিয়ে এসব কথা বলেন এডোয়ার্ড ডোয়াইট। তিনি একমাত্র ব্যক্তি, যিনি ৯১ বছর বয়সে মহাকাশ জয় করেছেন; যা সবচেয়ে বয়স্ক নভোচারী হওয়ার রেকর্ড। অথচ তিনি চেয়েছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে মহাকাশ ভ্রমণের।
গত রবিবার মার্কিন উদ্যোক্তা জেফ বেজোসের রকেট কোম্পানি ব্লু ওরিজিনের রকেটে চড়ে মহাকাশে যান ডোয়াইট। তিনি পেশায় একজন ভাষ্কর। আগে কাজ করতেন মার্কিন বিমানবাহিনীতে।
মহাকাশে উড়ে যাওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি হওয়ার আগের রেকর্ড ছিল কানাডিয়ান অভিনেতা উইলিয়াম শ্যাটনারের দখলে। ২০২১ সালে তিনিও ৯০ বছর বয়সে, একটি নিউ শেপার্ড রকেটে করে মহাকাশ যাত্রা করেছিলেন। ডোয়াইট তার থেকে মাত্র কয়েক মাসের বড়।
ব্লু অরিজিন কোম্পানির নিউ শেপার্ড ক্যাপসুলে করে পাঁচজন ক্রু সদস্যসহ মহাকাশে যান ডোয়াইট। অন্যান্য ক্রুর মধ্যে ছিলেন, একজন অবসরপ্রাপ্ত অ্যাকাউন্ট্যান্ট, একজন ভারতীয় পাইলট, একজন সফটওয়্যার প্রকৌশলী, একজন ফরাসি উদ্যোক্তা ও একজন ভেঞ্চার ক্যাপিটালিস্ট।
উড্ডয়নের সময়, নিউ শেপার্ডের হাইড্রোজেন জ্বালানির রকেটটি ঘণ্টায় প্রায় ২১০০ মাইল গতিতে এক লাখ ৮৫ হাজার ফুট উচ্চতায় পৌঁছায়। এ উচ্চতা থেকেই ওজনহীন অবস্থায় পৌঁছান ক্রুরা। এরপর এটি আরও ৬৫ মাইল উঠে যায় ক্যাপসুলটি। সে সময় এটি অবস্থান করছিল মহাকাশের স্বীকৃত সীমা যেখান থেকে শুরু হয়, তারও কয়েক কিলোমিটার ওপরে।
উড্ডয়নের আগে এক সাক্ষাৎকারে ডোয়াইট বলেন, আমার ক্যারিয়ারের একটি অংশ পূর্ণতা পায়নি। হ্যাঁ, শেষ বয়সে এসে সেটি পূরণ করার একটি দুর্দান্ত সুযোগ এসেছে।
সূত্র : দ্য গার্ডিয়ান