প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৮:৩৬ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ১২:০৬ পিএম
টিকটক ঠেকাতে বাথরুমের আয়না অপসারণ করল যুক্তরাষ্ট্রের সাউদার্ন অ্যালামেন্স মিডল স্কুল। ছবি- সংগৃহীত
গড়পরতায় একজন শিক্ষার্থী দিনে রেস্টরুমে যেত তিন থেকে চারবার। কিন্তু দেখা গেল, হঠাৎ তা বেড়ে আট থেকে নয়বারে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ ক্লাস ফাঁকি দিয়ে তারা সেখানে অবস্থান করছে। বিশেষ করে বাথরুমের আয়নার সামনে আনাগোনা বেড়েছে তাদের। স্টুডেন্টদের আচরণের এই পরিবর্তন শিক্ষকদের কপালে ফেলে চিন্তার ভাঁজ। কারণ অনুসন্ধানে দেখা গেল, টিকটক ভিডিও তৈরির নেশায় রেস্টরুমে বেশি সময় কাটাচ্ছে শিক্ষার্থী। এই পথ থেকে তাদের ফেরানোর কৌশল হিসেবে আয়নাগুলো সরিয়ে নিল কর্তৃপক্ষ। এই পদক্ষেপের সুফলও এলো হাতেনাতে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার গ্রাহামের সাউদার্ন অ্যালামেন্স মিডল স্কুলের। বিদ্যালয়ের মুখপাত্র লেস অ্যাটকিন্স জানিয়েছেন, তারা শিক্ষার্থীদের ‘ডিজিটাল সিটিজেনশিপ’ বিষয়ে শেখানোর চেষ্টা করছেন।
অ্যাটকিনস আরও জানান, ‘আয়নাগুলো সরিয়ে ফেলার
পর থেকে বাথরুমে যাওয়ার পরিমাণ কমে এসেছে। এখন আগের মত শিক্ষার্থীরা দীর্ঘসময়
পর্যন্ত সেখানে অবস্থান করে না। জবাবদিহিতার ব্যবস্থাও করা হয়েছে। আশা করা যাচ্ছে,
জবাবদিহিতা থাকায় বড় ধরনের পার্থক্য লক্ষ্য করা যাবে।’
তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করছি, আমাদের সবার কাছে এখন
স্মার্টফোন আছে। আমাদের স্মার্টফোন চালানো শিখতে হবে এবং একই সঙ্গে শিখতে হবে কখন
সেগুলোকে নামিয়ে রাখতে হবে।’
স্কুল কর্তৃপক্ষ স্মার্ট পাসেরও ব্যবস্থা করবে যাতে শিক্ষার্থীরা
কখন আসছে, কখন যাচ্ছে তা জানা যায়। আর এর জন্য কোনো অতিরিক্ত টাকাও দিতে হবে না বলে
জানিয়েছেন অ্যাটকিনস।
আয়না সরানোর বিষয়ে অভিভাবকদেরকে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের ফলে শিক্ষাথীদের পড়াশোনা
থেকে বিভ্রান্ত হওয়া কমে আসবে বলে প্রতিষ্ঠানটি আশাবাদী।