প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ১৭:৫১ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ১৮:৩২ পিএম
‘নেম-এ-রোচ’ নামের এই প্রচারণা ২০১১ সালে চালু করে ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত
প্রাক্তন নিয়ে বেশির ভাগ প্রেমিক-প্রেমিকার ক্ষোভ থাকে। প্রাক্তনদের বিরুদ্ধে প্রায় সময় বিশ্বাসঘাতকতার অভিযোগ আনতে দেখা যায় প্রেমিক-প্রেমিকাদের। মনে জমে থাকা এসব ক্ষোভ ঝাড়তে এক অভিনব সুযোগ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ব্রঙ্কস নামের একটি চিড়িয়াখানা।
নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানা প্রতি বছর ভালোবাসা দিবসে ১৫ ডলারের বিনিময়ে প্রাক্তনের নামে নিজেদের চিড়িয়াখানার একটি তেলাপোকার নামকরণ করার সুযোগ করে দেয়। শুধু তাই নয়, নামকরণের বিষয়টি সংশ্লিষ্ট প্রাক্তনকে ইমেইল করে জানিয়েও দেবে তারা।
ওই ইমেইলে থাকবে একটি প্রশংসাপত্র। সেখানে প্রাক্তনের উদ্দেশে লেখা থাকবে, তার সম্মানে চিড়িয়াখানায় একটি ‘মাদাগাস্কার হিসিং’ তেলাপোকার নামকরণ করা হয়েছে।
প্রাক্তনকে এমন উপহার দেওয়ার জন্য অবশ্যই ৮ ফেব্রুয়ারির মধ্যে ‘অর্ডার’ দিতে বলেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এ বিষয়ে তারা তাদের ওয়েবসাইটে একটি টীকা যুক্ত করেছে।
সেখানে লেখা রয়েছে, মানুষের কাছে সব সময় সঠিক শব্দ থাকে না। তবে আপনি এখনও আপনার প্রাক্তনের গায়ের লোম খাঁড়া হয়ে যাওয়ার অনুভূতি দিতে পারেন। আপনার প্রাক্তনের নামে একটি তেলাপোকার নাম রাখুন। কারণ, তেলাপোকা দীর্ঘদিন বাঁচে।
জানা গেছে, ‘নেম-এ-রোচ’ নামের এই প্রচারণা ২০১১ সালে চালু করে ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গত বছর ভালোবাসা দিবসে প্রায় ৩,২৪৬টি তেলাপোকার নামকরণ করা হয়।
সূত্র : এনডিটিভি