প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মে ২০২৩ ১৭:৫৫ পিএম
আপডেট : ০১ মে ২০২৩ ১৮:৩৩ পিএম
ইতালির শিল্পী মাউরিজিও ক্যাটেলানের কলা দিয়ে তৈরি ধারণাভিত্তিক শিল্পকর্ম। ছবি : সংগৃহীত
ধারণাভিত্তিক শিল্পকর্ম বা কনসেপ্টচুয়াল আর্টের ক্ষেত্রে নিত্যপণ্যের ব্যবহার একটি সাম্প্রতিক প্রবণতা। এমন এক প্রদর্শনীতে রাখা হয়েছিল একটি কলা। শিল্পকর্ম দেখতে গিয়ে কলাটা টেনে নিয়ে সাবাড় করলেন এক শিক্ষার্থী।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের লিয়ম মিউজিয়াম অব আর্টে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এ ঘটনা ঘটেছে। ইতালির শিল্পী মাউরিজিও ক্যাটেলানের ওই শিল্পকর্মটি খেয়ে ফেলেন সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির এক বুভুক্ষু শিক্ষার্থী। গোপনীয়তার স্বার্থে ওই শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়নি।
মিউজিয়ামের এক মুখপাত্র সিএনএনকে বলেন, আকস্মিকভাবে ঘটনাটা ঘটেছে। সঙ্গে সঙ্গেই ওই শিক্ষার্থীকে কিছুক্ষণের জন্য আটক করা হয়। ক্যাটেলানকে বিষয়টি জানানো হয়। এতে তিনি কিছু মনে করেননি। তাই ওই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। আরেকটি তাজা কলা দিয়ে ওই শিল্পকর্মটি ঠিক করা হয়েছে।
ক্ষুধার্ত হওয়ায় কলাটি খেয়েছেন বলে জানান অভিযুক্ত শিক্ষার্থী। খাওয়ার পর কলার খোসাটি কস্টেপ দিয়ে শিল্পকর্মের আগের স্থানে লাগিয়ে দেন বলেও জানান ওই মুখপাত্র।
ক্যাটেলান ওই ধারণাভিত্তিক শিল্পকর্মটি সর্বপ্রথম ২০১৯ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের আর্ট বাসেল মায়ামি বিচে প্রদর্শন করেন। কমেডিয়ান নামের এই শিল্পকর্মটি তখন সর্বত্র হইচই ফেলে দেয়। দ্রুত ভাইরাল হয়। ওই প্রদর্শনীতেও শিল্পকর্মটির প্রথম সংস্করণটি বিক্রি হয় ১ লাখ ২০ হাজার ডলারে। একই প্রদর্শনীতে তার আরও দুটি সংস্করণ বিক্রি হয়।
ক্যাটেলানের শিল্পকর্মটি জনপ্রিয় সংস্কৃতির প্রতি একটা বড় ধাক্কা বলে ধরা হয়। কারণ দেওয়ালে একটা কলা কস্টেপ দিয়ে এঁটে দেওয়ার মাধ্যমে একসঙ্গে একাধিক বার্তা দেওয়া যায়। পুরুষতান্ত্রিক সমাজের প্রতি এতে এক ধরনের ব্যঙ্গ-বিদ্রূপ রয়েছে বলে মনে করেন শিল্প সমালোচকরা।
তবে অন্যের আইডিয়া চুরি করে ক্যাটেলান বাজিমাত করেছেন বলে অভিযোগ রয়েছে।
২০২২ সালে ক্যালিফোর্নিয়ার গ্লেনডেল শহরের শিল্পী জো মরফোর্ড অভিযোগ করেন, তার ২০০০ সালের একটি শিল্পকর্মকে নকল করছেন ক্যাটেলান। মারফোর্ডের ‘ব্যানানা অ্যান্ড অরেঞ্জ’ নামের একটি শিল্পকর্মে ওই দুটি ফল সবুজ রঙের দেওয়ালে কস্টেপ দিয়ে সেঁটে দেওয়া হয়েছিল।
সূত্র : সিএনএন