প্রবা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২২ ১২:৫৯ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২২ ২৩:৫৯ পিএম
ছবি : বিবিসি।
চিড়িয়াখানায় সিংহের খাঁচার নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়ে এক ব্যক্তি। দুঃসাহসিক এ কাজ ডেকে আনে বড় বিপত্তি। খাঁচার ভেতরে ওই ব্যক্তিকে দেখে ঝাঁপিয়ে পড়ে সিংহ। ভয়াল সে আক্রমণে প্রাণ হারাতে হয় তাকে।
বিবিসি জানিয়েছে, ঘানার রাজধানী আক্রারার একটি চিড়িয়াখানায় এই প্রাণহানির ঘটনা ঘটে। তবে ঘটনাটি কবেকার, তা সোমবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
চিড়িয়াখানার একটি খাঁচায় সিংহ দম্পতি ও তাদের দুটি শাবক রাখা ছিল। প্রাণঘাতী আক্রমণের কিছুক্ষণ আগে সেই খাঁচার সামনে অবস্থান করতে দেখা যায় ওই ব্যক্তিকে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ পরে সিংহগুলোকে সরিয়ে নিয়ে লোকটির দেহ উদ্ধার করে। তবে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম মাইজয়অনলাইনের এক প্রতিবেদনে লোকটি শাবক চুরির চেষ্টা করছিল বলে অভিযোগ করা হয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যবয়সী ওই ব্যক্তির আসল উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ।
খাঁচা ভেঙে ফেলার ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। এ ঘটনায় হিংস্র প্রাণী লোকালয়ে ঢুকে পড়েছে বলে অনেকে ভাবতে থাকেন। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
প্রবা/এনএস/এমজে