প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ মে ২০২৬ ০৯:২৯ এএম
আপডেট : ১৩ মে ২০২৬ ০৯:৩১ এএম
শ্রীলঙ্কা থেকে ভারত পর্যন্ত পাশাপাশি ওপেন-ওয়াটার সাঁতার সম্পন্ন করা প্রথম দম্পতি হয়েছেন দানিশ আবদি ও ঋষালি প্রসাদে। ছবি: সংগৃহীত
বেঙ্গালুরু-ভিত্তিক আইটি পেশাজীবী দানিশ আবদি ও ঋষালি প্রসাদে ইতিহাস গড়েছেন। তারা ঐতিহাসিক রামসেতু রুট ধরে শ্রীলঙ্কা থেকে ভারত পর্যন্ত পাশাপাশি ওপেন-ওয়াটার সাঁতার সম্পন্ন করা প্রথম দম্পতি হয়েছেন।
এনডিটিভি জানায়, গত ৭ মে তারা পাল্ক প্রণালী পাড়ি দিয়ে প্রায় ৩২ কিলোমিটার সাঁতার কাটেন। শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে ভোর সাড়ে ৪টার দিকে যাত্রা করে তারা বেলা ৩টা ১৫ মিনিটের দিকে তামিলনাড়ুর ধনুশকোডিতে পৌঁছেন। কঠিন এই যাত্রা সম্পন্ন করতে তাদের সময় লাগে ১০ ঘণ্টা ৪৫ মিনিট। অভিযানের ভিডিওগুলোতে দেখা যায়, উত্তাল ঢেউ, পরিবর্তনশীল বাতাস এবং শক্তিশালী সমুদ্রস্রোতের সঙ্গে লড়াই করতে হয়েছে এই দম্পতিকে। স্রোত বারবার তাদের নির্ধারিত পথ থেকে সরিয়ে দিচ্ছিল। একটি ভিডিওতে সূর্যোদয়ের আগেই অন্ধকার পানিতে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিতে দেখা যায় আবদিকে। অন্য ভিডিওগুলোতে ঘণ্টার পর ঘণ্টা উত্তাল সমুদ্রে সাঁতার কাটার পর অবশেষে ভারত উপকূলে পৌঁছার দৃশ্য ধরা পড়ে। পুরো যাত্রাটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পরিচালিত হয়। সাঁতারুদের সঙ্গে সহায়তাকারী নৌযান, প্যারামেডিক দল এবং ভারতীয় কোস্ট গার্ড সদস্যরা পুরো পথে তদারকিতে ছিলেন।
দম্পতিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, ‘সাঁতার শেখা শুরু করার পর মাত্র চার বছরের মধ্যে আমরা যে কতটা এগিয়ে এসেছি, তা এখনও বিশ্বাস করতে পারছি না!’
এই সাঁতারটা ছিল সম্পূর্ণই মনের জোরের ফল। একে অপরের সঙ্গই আমাদের এগিয়ে চলার মানসিক ও আবেগিক শক্তি জুগিয়েছিল এবং আমাদের কোচ সতীশমাতা ও ইয়াকুব স্যারের দেওয়া প্রশিক্ষণ ও প্রস্তুতির জন্যই আমরা এই বিশাল চ্যালেঞ্জটি গ্রহণ করার জন্য যথেষ্ট প্রস্তুত হতে পেরেছিলাম! আমরা অসংখ্য মন্তব্য এবং ডিএম পেয়েছি, যেখানে সবাই আমাদের জন্য শুভকামনা ও অভিনন্দন জানাচ্ছে। সত্যি বলতে, আমরা অভিভূত। যদি আমরা প্রত্যেকটির উত্তর দিয়ে আপনাদের জানাতে পারতাম যে, প্রায় ওই ১১ ঘণ্টা ধরে আপনারা সবাই কীভাবে আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছেন!