প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ১১:১৭ এএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬ ২১:০১ পিএম
যশোর সদরের রাজারহাট-মণিরামপুর সড়কের পাশে রামনগর ইউনিয়নের সতীঘাটা গ্রামে প্রতিষ্ঠিত আশরাফুল মাদারিস মসজিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পবিত্র রমজান মাস উপলক্ষে যশোরের একটি মসজিদে বিদেশিসহ প্রায় ১ হাজার ৭০০ মুসল্লি এতেকাফে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে দক্ষিণ আফ্রিকার নাগরিক হজরত ইব্রাহিম ইসমাইল পান্ডু ওরফে শায়েখ ইব্রাহিম আফ্রিকীসহ ৭৫ জন বিদেশি মুসল্লি রয়েছেন। তারা ভারত, পাকিস্তান, মিয়ানমার, সিঙ্গাপুর, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও পানামা থেকে এসেছেন।
সরেজমিনে দেখা যায়, যশোর সদরের রাজারহাট-মণিরামপুর সড়কের পাশেই রামনগর ইউনিয়নের সতীঘাটা গ্রামে প্রতিষ্ঠিত আশরাফুল মাদারিস। প্রধান ফটকের ভেতরে ঢুকেই দেখা যায় চারতলা বিশিষ্ট বিশাল মসজিদ ও শিক্ষার্থীদের আবাসিক ভবন। সাধারণত ২০ রমজান থেকে সুন্নত ইতিকাফ শুরু হলেও এখানে ১ রমজান থেকেই অনেক মুসল্লি নফল এতেকাফে বসেন। ২৫ রমজান পর্যন্ত সুন্নত ইতিকাফে অংশ নেওয়া মুসল্লির সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় ১ হাজার ৭০০ জনে পৌঁছেছে।
আশরাফুল মাদারিসের মহাপরিচালক মাওলানা নাসীরুল্লাহ জানান, ২০২৩ সালে তাদের মসজিদে প্রথমবার বৃহৎ পরিসরে এতেকাফ আয়োজন করা হয়। এরপর থেকে দেশ-বিদেশের মুসল্লিদের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে। এতেকাফে বসা মুসল্লিদের খেদমত করছেন প্রায় ৬০০ স্বেচ্ছাসেবক। এখানে প্রতিদিন প্রায় আড়াই হাজার মুসল্লির ইফতার, সেহরি ও খাবারের ব্যবস্থা করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বিদেশি নাগরিক থাকায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
রাঙামাটি থেকে এসে ইতিকাফে অংশ নেওয়া মাওলানা মুফতি ওমর আলী বলেন, মুরব্বিদের কাছে শায়েখ ইব্রাহিম আফ্রিকীর আসার খবর পেয়ে এই মাদ্রাসায় এতেকাফে এসেছি। দেশ-বিদেশের আলেম উলামাদের পেয়েছি। খুবই সুন্দর পরিবেশ।