প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ২১:০২ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬ ২১:০৩ পিএম
৫৯ বছর বয়সে সন্তানের জন্ম দিয়েছেন চীনা নারী ঝোউ। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
৫৯ বছর বয়সে সন্তানের জন্ম দিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এক চীনা নারী। এটি তার দ্বিতীয় সন্তান। এর আগে তার একটি মেয়ে রয়েছে। এ খবর জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
ঝোউ নামের ওই নারী জানান, মেয়েটি
বড় হয়ে বিদেশে চলে যাওয়ার পর তিনি ও তার স্বামী দীর্ঘদিন ধরে একাকিত্বে ভুগছিলেন। সেই
একাকিত্ব কাটাতেই দুই বছর আগে তারা আরেকটি সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন।
গর্ভধারণের জন্য ঝোউ নিজের শারীরিক
প্রস্তুতি নেওয়া শুরু করেন। সুষম খাদ্য গ্রহণ ও নিয়মিত ব্যায়ামের পাশাপাশি ইন ভিট্রো
ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেন। বয়সের কারণে স্বাভাবিক উপায়ে
গর্ভধারণের সম্ভাবনা প্রায় না থাকলেও এবং ঝুঁকি অনেক বেশি হলেও তারা আশা ছাড়েননি।
চিকিৎসকদের তত্ত্বাবধানে আইভিএফ চিকিৎসা শুরু করার কয়েক মাসের মধ্যেই ঝোউ গর্ভধারণে সক্ষম হন।
গর্ভাবস্থায় তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়। ঝোউ বলেন, চিকিৎসকেরা নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজখবর নিতেন। তিনি মজা করে বলেন, ‘নিজেকে আমার পান্ডা মনে হতো, যাকে সবাই খুব যত্ন করে দেখভাল করছে।’
তবে গর্ভকালীন সময়ে তাকে নানা শারীরিক
জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। তার রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, কিডনির সমস্যা দেখা
দেয় এবং পা মারাত্মকভাবে ফুলে যায়। আরও কিছু জটিলতা দেখা দেওয়ায় গর্ভধারণের প্রায় ৩৩
সপ্তাহের মাথায় চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
গত ৯ জানুয়ারি অস্ত্রোপচারের মাধ্যমে
ঝোউ দুই দশমিক দুই কেজি ওজনের একটি পুত্রসন্তানের জন্ম দেন। ঝোউয়ের চিকিৎসক গুও বলেন,
‘তিনি একজন সাহসী মা, যিনি এই কঠিন ও ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।’