প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ২২:৪৬ পিএম
যুক্তরাজ্যের নর্থ ওয়েলসের অ্যাঙ্গলসি দ্বীপের ব্রিন সেলি দু’স্থানে শীতকালীন অয়নান্ত উদ্যাপন করতে জড়ো হয়েছেন ড্রুইড ও দর্শনার্থীরা। ছবি: দ্য গার্ডিয়ান
উত্তর গোলার্ধে জ্যোতির্বৈজ্ঞানিক শীত শুরু হতে যাচ্ছে এই সপ্তাহেই। আগামী ২১ ডিসেম্বর হবে শীতকালীন অয়নান্ত, যা বছরের সবচেয়ে ছোট দিন ও সবচেয়ে বড় রাত হিসেবে পরিচিত।
এই দিনে পৃথিবীর উত্তর মেরু সূর্য থেকে সবচেয়ে বেশি দূরের দিকে হেলে থাকে। ফলে উত্তর গোলার্ধে সূর্য আকাশের দক্ষিণ দিকে সবচেয়ে নিচু অবস্থানে দেখা যায় এবং দুপুরেও সূর্যের উচ্চতা থাকে বছরের সর্বনিম্ন পর্যায়ে। এর ফলেই দিনের দৈর্ঘ্য কমে গিয়ে রাত সবচেয়ে দীর্ঘ হয়।
জ্যোতির্বৈজ্ঞানিক শীত হলো ঋতু নির্ধারণের সেই পদ্ধতি, যা পৃথিবীর সূর্যকে ঘিরে অবস্থান ও ঝোঁকের ওপর ভিত্তি করে ঠিক করা হয়। সহজ করে বললে, সূর্যের অবস্থান ও পৃথিবীর কক্ষপথের হিসাব ধরে যে শীত ধরা হয়, সেটাই জ্যোতির্বৈজ্ঞানিক শীত।
উত্তর গোলার্ধে জ্যোতির্বৈজ্ঞানিক শীত শুরু হয় শীতকালীন অয়নান্তের দিন, সাধারণত ২১ ডিসেম্বর। শীতকালীন অয়নান্তকে ঘিরে বিভিন্ন সভ্যতায় নানা উৎসব ও সংস্কৃতির প্রচলন রয়েছে। প্রাচীন রোমে যেমন ‘স্যাটারনালিয়া’ উৎসবে এক সপ্তাহ ধরে খাওয়া-দাওয়া ও উপহার বিনিময় হতো, এমনকি প্রভুরা দাসদের সেবা করতেন।
অন্যদিকে, দক্ষিণ গোলার্ধে ঠিক উল্টো চিত্র। সেখানে এই সময় গ্রীষ্মকালীন অয়নান্ত হয়—দিন সবচেয়ে বড় আর রাত সবচেয়ে ছোট।
উত্তর গোলার্ধ হলো পৃথিবীর সেই অর্ধাংশ, যা ভূ-মধ্যরেখার উত্তরে অবস্থিত। এই গোলার্ধে পড়ে—বাংলাদেশসহ প্রায় পুরো এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, আফ্রিকার উত্তর অংশ ও গ্রিনল্যান্ড। উত্তর গোলার্ধে ঋতুর ধরন দক্ষিণ গোলার্ধের ঠিক উল্টো। দক্ষিণে যখন গ্রীষ্ম, তখন উত্তরে শীত; আর দক্ষিণে যখন শীত, তখন উত্তরে গ্রীষ্ম।
দক্ষিণ গোলার্ধ হলো পৃথিবীর সেই অর্ধাংশ, যা ভূ-মধ্যরেখার দক্ষিণে অবস্থিত। এই গোলার্ধে পড়ে—অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, ব্রাজিলের দক্ষিণ অংশ, চিলি, পেরু, ইন্দোনেশিয়ার কিছু অঞ্চল ও অ্যান্টার্কটিকা। দক্ষিণ গোলার্ধে ঋতু উত্তর গোলার্ধের ঠিক উল্টো। উত্তরে যখন শীত, তখন সেখানে গ্রীষ্ম; আর উত্তরে যখন গ্রীষ্ম, তখন সেখানে শীত।
যদিও জ্যোতির্বৈজ্ঞানিক হিসেবে শীত শুরু ধরা হয় অয়নান্ত থেকেই, তবে আবহাওয়াবিদরা সাধারণত ১ ডিসেম্বর থেকেই শীতকাল গণনা করেন।
স্বস্তির খবর হলো, ২১ ডিসেম্বরের পর থেকেই সূর্য ধীরে ধীরে দুপুরে একটু বেশি উঁচুতে উঠবে। অর্থাৎ, উত্তর গোলার্ধে দিন বড় হতে শুরু করবে।