× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে খাবারের ডেলিভারিম্যান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১২:২২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের এক উচ্চশিক্ষিত যুবক ডিং ইউয়ানঝাও বর্তমানে কাজ করছেন খাবার ডেলিভারি রাইডার (ডেলিভারি বয়) হিসেবে। তবে এই কাজের পেছনে লুকিয়ে রয়েছে ব্যতিক্রমধর্মী এক জীবনগাথা, যা এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, ৩৯ বছর বয়সি ডিংয়ের শিক্ষাজীবন অনেকের জন্য স্বপ্নের মতো। সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক, পিকিং বিশ্ববিদ্যালয় থেকে জ্বালানি প্রকৌশলে স্নাতকোত্তর, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে জীববিজ্ঞানে পিএইচডি এবং সবশেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বায়োডাইভার্সিটিতে আরেকটি ডিগ্রি অর্জন করেন তিনি।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চতর ডিগ্রি ও গবেষণার পরও উপযুক্ত চাকরি না পেয়ে তিনি একজন ফুড ডেলিভারি কর্মী হিসেবে কাজ শুরু করেন। একসময় তিনি সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবেও কাজ করেছেন।

তবে বারবার চেষ্টা করেও কাঙ্ক্ষিত চাকরি না পাওয়ায় শেষ পর্যন্ত ফুড ডেলিভারির কাজকেই বেছে নেন জীবিকা হিসেবে। বিভিন্ন কোম্পানিতে দশটির বেশি ইন্টারভিউ দিলেও কোথাও স্থায়ী চাকরি জোটেনি।

সামাজিক মাধ্যমে ডিং বলেন, ‘এটা একটা স্থায়ী কাজ। আমি এই আয়ে আমার পরিবারের ভরণপোষণ করতে পারি। পরিশ্রম করলে ভালো ইনকাম হয়, কাজটা খারাপ না।’ তার মতে, কাজই মানুষকে মূল্যবান করে তোলেÑ শুধু ডিগ্রি নয়। ডিং বলেন, ‘অনেকেই উচ্চশিক্ষা নিয়েও এই ধরনের কাজ করেন। ডেলিভারি বয়ের কাজেরও মূল্য আছে। এটা সমাজের জন্য অবদান রাখার একটি পথ।’

অনেকেই তাকে গৃহশিক্ষক হিসেবে কাজ করার পরামর্শ দিয়েছেন, তবে ডিং জানিয়েছেন, তিনি ‘খুব লাজুক’। তাই ছাত্র খোঁজার কাজটা তার পক্ষে সহজ নয়। ফলে গৃহশিক্ষকের কাজ না করে ডেলিভারিতেই মন দিয়েছেন।

ডিং চীনের জাতীয় বিশ্ববিদ্যালয়ে সদ্যসমাপ্ত ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উদ্দেশে ইতিবাচক মনোভাব বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘জীবনে চ্যালেঞ্জের মুখে কখনও মনোবল হারাবেন না।’

তার এই গল্প সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ উচ্চশিক্ষার বাস্তব মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অনেকেই ডিংয়ের ধৈর্য, পরিশ্রম ও আত্মমর্যাদাবোধের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘এটাই জীবন। ডিগ্রি থাকলেই যে সবসময় চাকরি মিলবেÑ এমন গ্যারান্টি নেই। তবে সকল কাজকে সম্মান করা উচিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা