× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাতলামি করলেই জরিমানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১০:০৭ এএম

মাতলামি করলেই জরিমানা

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র জেজু দ্বীপে ভ্রমণকারীদের জন্য প্রথমবারের মতো বিশেষ আচরণবিধি জারি করেছে স্থানীয় পুলিশ। বিদেশি পর্যটকদের বেআইনি বা অসভ্য আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং জরিমানার বিধান তুলে ধরতেই এ উদ্যোগ।

জেজু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি স্থানীয়রা বিদেশি ভ্রমণকারীদের নানা ধরনের অশোভন আচরণের অভিযোগ করেছেন। এর মধ্যে রয়েছে রাস্তার মধ্যে শিশুদের মলত্যাগ করানো, আবর্জনা ফেলা এবং জনসমক্ষে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করা।

বিবিসি জানিয়েছে, চলতি গ্রীষ্ম মৌসুমে পর্যটকের ভিড় বাড়তে থাকায় ইংরেজি, চীনা ও কোরিয়ান ভাষায় আচরণবিধি মুদ্রণ করে তা পর্যটকদের মধ্যে বিতরণ শুরু করেছে পুলিশ। দক্ষিণ কোরিয়ায় এমন উদ্যোগ এবারই প্রথম নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেজু পুলিশ।

জেজু পুলিশ এজেন্সির প্রধান কিম সু-ইয়ং বলেছেন, ‘ভাষা ও সংস্কৃতিগত পার্থক্যের কারণে ভুল বোঝাবুঝি এড়াতে এবং কোরিয়ার আইন-কানুন ও সংস্কৃতি সম্পর্কে বিদেশিদের সচেতন করতেই এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।’ প্রথম ধাপে নির্দেশিকার আট হাজার কপি ছাপা হয়েছে এবং তা দ্রুত বিলি করা হবে।

নির্দেশিকায় ছোটখাটো অপরাধ হিসেবে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, তার মধ্যে রয়েছে নিষিদ্ধ স্থানে ধূমপান, আবর্জনা ফেলা, রাস্তা পারাপারে নিয়ম ভঙ্গ, জনসমক্ষে মাতলামি, রেস্তোরাঁয় খেয়ে টাকা না দিয়ে পালানো, প্রকাশ্যে প্রস্রাব বা মলত্যাগ, ভুয়া পরিচয়পত্র ব্যবহার, অন্যের বাড়িতে অনধিকার প্রবেশ বা ভাঙচুর ইত্যাদি।

এসব ক্ষেত্রে প্রথমবার অপরাধ ধরা পড়লে সতর্কবার্তা দেওয়া হবে। তবে একই অপরাধের পুনরাবৃত্তি হলে সর্বোচ্চ ২ লাখ ওন (১৭ হাজার টাকার বেশি) পর্যন্ত জরিমানা করা হবে।

করোনা-পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়ায় পর্যটন খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা দিয়েছে। শুধু জেজুতেই এই বছর এখন পর্যন্ত প্রায় ৭০ লাখ পর্যটক ভ্রমণ করেছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিদেশি পর্যটকেরা জেজু অর্থনীতিতে রেকর্ড ৯.২৬ ট্রিলিয়ন ওন যুক্ত করেছেন। এসব পর্যটকের প্রায় ৭০ শতাংশই গেছেন চীন থেকে।

এই ধরনের উদ্যোগ এশিয়ার বিভিন্ন পর্যটনকেন্দ্রেও নেওয়া হচ্ছে। গত বছর জাপানের একটি শহর বিখ্যাত মাউন্ট ফুজি পাহাড়ের রাস্তার ধারের জনপ্রিয় দর্শনীয় স্থান আংশিকভাবে বন্ধ করে দেয় পর্যটকদের অতিরিক্ত ভিড় ঠেকাতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা