প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৬ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৭ পিএম
নেদারল্যান্ডসের ড্রেন্টস মিউজিয়ামে বিস্ফোরণ ঘটিয়ে চোরেরা চারটি প্রাচীন প্রত্নবস্তু চুরি করেছে। চুরি যাওয়া এসবের মধ্যে রয়েছে সোনা দিয়ে তৈরি প্রায় ২ হাজার ৫০০ বছরের পুরোনো একটি হেলমেট।
ডাচ পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরেরা প্রথমে বাইরের দরজা খুলেছিল, পরে বিস্ফোরণের ফলে ধোঁয়া এবং স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে।
চোরেরা তিনটি স্বর্ণের ব্রেসলেট (খ্রিস্টপূর্ব ৫০ সালের কাছাকাছি সময়কার) এবং কোতোফেনেস্তির হেলমেট (খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের) নিয়ে পালায়। এটি রোমানিয়ার বুখারেস্টে অবস্থিত ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম থেকে ধার করা হয়েছিল।
সিএনএন জানিয়েছে, চুরি যাওয়া ওই প্রত্নবস্তুগুলো ছিল ‘ডাকিয়া : স্বর্ণ ও রুপার সাম্রাজ্য’ নামে একটি প্রদর্শনীর অংশ। প্রদর্শনীটি রোমানিয়ার প্রাচীন ডাকিয়ান সমাজের সম্পদ প্রদর্শন করছিল। ডাকিয়ানরা একসময় বর্তমান রোমানিয়ার অধিকাংশ এলাকা দখল করে নিয়েছিল, যদিও পরে রোমানদের কাছে তারা পরাজিত হয়।
এদিকে ড্রেন্টস মিউজিয়াম এক প্রেস রিলিজে কোতোফেনেস্তির হেলমেটকে ‘একটি অনন্য শিল্পকর্ম’ হিসেবে বর্ণনা করেছেন। এই হেলমেটটি প্রায় এক শতাব্দী আগে একটি রোমানিয়ান গ্রামে আবিষ্কৃত হয় এবং এতে পৌরাণিক দৃশ্য ও একটি বিশেষ জোড়া চোখের নকশা রয়েছে, যা যুদ্ধের সময় শত্রুদের ভয় দেখানোর পাশাপাশি ‘অশুভ দৃষ্টি’ থেকে সুরক্ষা প্রদান করত।
ডাচ পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা ইন্টারপোলের সঙ্গে কাজ করছে এবং ইতোমধ্যে ৫০টিরও বেশি তথ্যসূত্র পেয়েছে। এই মুহূর্তে তদন্তকারীরা একটি ধূসর গাড়ি নিয়ে কাজ করছেন, চুরির ঘটনাটির আগে আলকমার শহর থেকেই চুরি হয়েছিল ওই গাড়িটি। মিউজিয়ামে চুরি করার পর ঘটনাস্থল থেকে চার মাইল দূরে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয় এবং চোরেরা অন্য একটি গাড়িতে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ড্রেন্টস মিউজিয়ামের মহাপরিচালক হ্যারি টুপান এ ঘটনাকে ‘অন্ধকারময় দিন’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘এই ঘটনা আমাদের জন্য গভীর শোকের। ১৭০ বছরের ইতিহাসে এমন বড় কোনো অঘটন ঘটেনি। এটি রোমানিয়ার আমাদের সহকর্মীদের জন্যও অত্যন্ত দুঃখজনক।’