প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪২ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৩ পিএম
বন্যায় ভাসছে দেশ। রাস্তাঘাট সব পানির নিচে। অন্যভাবে বলা যায় রাস্তাঘাট নদীতে রূপ নিয়েছে। এর মধ্যে চলাচল কঠিন। তবে জনজীবন তো আর থেমে থাকে না। বন্যার মধ্যে জনজীবন ঠিক রাখতে অন্তত খাবার প্রয়োজন। তেমনি সঠিকভাবে দায়িত্ব পালনও গুরুত্বপূর্ণ। নিজ দায়িত্ববোধ থেকে কোমরসমান বন্যার পানি পার হয়ে খাবার ডেলিভারি করেছেন এক ব্যক্তি। তাকে নিয়ে সমাজমাধ্যম এখন সরব। ভারতের গুজরাটে ঘটেছে এ ঘটনা।
পানি ঠেলে খাবার ডেলিভারি দিতে যাওয়া ডেলিভারিম্যানের ছবিটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, প্রায় কোমরপানি ঠেলেই হেঁটে হেঁটে খাবার ডেলিভারি করতে যাচ্ছেন জ্যোমাটের এক ডেলিভারি এজেন্ট। দীর্ঘ পথ পানি ঠেলে আসতে হয়েছে তাকে। বিপদ হতে পারে জেনেও এমনভাবে দায়িত্ব পালনের জন্য কেউ কেউ নায়ক বলতেও দ্বিধা করছে না। ভাইরাল হওয়া ছবিটি গুজরাটের আহমেদাবাদের।
ছবিটি দেখার পর অনেকেই ডেলিভারিম্যানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। যেখানে অনেকেই এ দায়িত্ব এড়িয়ে যাবেন, সেখানে তার এ দায়িত্ব পালন দেখে প্রশংসায় ভাসিয়েছেন তাকে। অনেকেই তাকে ‘সুপার হিরো’ বলেছেন। কেউ কেউ তাকে পুরস্কৃত করার জন্য বলেছেন।
ছবিটি দেখে ডেলিভারিম্যানের কোম্পানি জ্যোমাটোও চুপ থাকেনি। সংস্থার পক্ষ থেকে সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে লেখা হয়েছে, ‘আমাদের ডেলিভারি পার্টনারের অসাধারণ প্রচেষ্টাকে তুলে ধরার জন্য ধন্যবাদ। সত্যিই তারা সাধ্যের বাইরে গিয়ে প্রতিকূল আবহাওয়ায় সুপার হিরোর মতো দায়িত্ব পালন করেছে।’