রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১২:১৩ পিএম
প্রেমে বিচ্ছেদ হওয়ায় মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেন হাসেম আল ওসামা। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রেমে ব্যর্থতার শোক ভুলতে হাসেম আল ওসামা নামের এক তরুণ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন। চার বছর ধরে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। কিন্তু বেকার থাকায় ভালোবাসার সম্পর্কের ইতি টেনেছেন সেই প্রেমিকা। এই রাগে-দুঃখে নিজের মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন তিনি।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাড়াশের একটি গ্রামে এ ঘটনা ঘটে। হাসেম আল ওসামা পাশের উপজেলা রায়গঞ্জের একটি ফাজিল মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
হাসেম আল ওসামা বলেন, ‘কুড়িগ্রামের রৌমারী উপজেলার এক মেয়ের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। চার বছর ধরে প্রেমের সম্পর্ক। আমার সবকিছু জানত সে। আমাকে ছাড়া জীবনে অন্য কাউকে বিয়ে করবে না বলে শপথ করেছিল। কিন্তু কয়েকদিন আগে আমি বেকারÑ সেই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। বিষয়টি আমি মেনে নিতে পারিনি।’
তিনি বলেন, ‘বন্ধুরা আমাকে অনেক বুঝিয়ে দুধ দিয়ে গোসল করার পরামর্শ দেয়। যে কারণে ২০ লিটার দুধ দিয়ে গ্রামবাসীর সামনে গোসল করি। শপথও করেছি, জীবনে আর কোনো দিন প্রেম-বিয়ে নয়।’
এ ব্যাপারে তাড়াশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার হোসেন বলেন, ‘ছেলেটির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির বিয়ে হয়ে যায়। এতে মনঃক্ষুণ্ন হয় সে। রাগে-দুঃখে হাসেম মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন বলে শুনেছি।’