নুসরাত খন্দকার
প্রকাশ : ২২ মে ২০২৪ ১৪:০৯ পিএম
তেলে চুল তাজা-এ কথা কে না জানে! তবে শুধু তেলই নয়, চুলের যত্নে ফুলও খুব কার্যকর। কোন ফুল ব্যবহারে কী উপকার আর কীভাবে করবেন যত্ন, দেখে নিন-
গাঁদা ফুলে চুল তাজা
খুশকির সমস্যা কমবেশি সবারই থাকে। এ ক্ষেত্রে গাঁদা ফুলের রস ১ কাপ, সঙ্গে মেথি ১ টেবিল চামচ এবং মৌরি ভিজিয়ে রাখতে হবে সারা রাত। পর দিন পেস্ট করে স্কাল্পে লাগালে খুশকির সমস্যা থেকে মিলবে মুক্তি।
জবা ফুল
জবা ফুল ছত্রাক ও অন্যান্য জীবাণু প্রতিরোধ করে। চুলের গোড়া মজবুত করতেও সহায়তা করে।
ছয়টি জবা ফুলের সঙ্গে অ্যালোভেরার নির্যাস নিন আধা কাপ। সঙ্গে টকদই আধা কাপ আর একটি ডিম যোগ করুন। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে মাথায় লাগিয়ে রাখুন ৩০ মিনিট। সপ্তাহে একবার ব্যবহারে চুল হয়ে উঠবে ঘন ও কালো।
এ ছাড়া জবা ফুল চুল পাকা রোধ করে। জবা ফুল ছয়টি, আমলকী ১ কাপ ও ৪ কাপ পানি মিশিয়ে জ্বাল দিতে হবে। যখন মিশ্রণটি ১ কাপে ঘন হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে পরিষ্কার স্কাল্পে এ তরল মিশ্রণটি ব্যবহার করতে হবে। এরপর শ্যাম্পু করে নিলেই চুলে ফিরে পাবেন আগের মতো উজ্জ্বলতা।
শুধু জবা ফুলই নয়, এ গাছের পাতা দিয়েও করা যায় চুলের যত্ন। ঘরে তৈরি ডিপ কন্ডিশনিং হেয়ার প্যাকে জবা ফুল ও পাতা দুটিই ব্যবহার করা যায়।
২-৩ টেবিল চামচ মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার ১৫-২০টি জবাপাতা ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিন। পাতার সঙ্গে ডালপালা থাকলে ছেঁটে ফেলুন। পাতাগুলো ভালো করে ব্লেন্ড করে নিন। এবার এতে মেথি যোগ করে আবার ব্লেন্ড করুন। এতেই তৈরি হবে মেথি ও জবার হেয়ার প্যাক। এ প্যাক হাতের আঙুল বা ব্রাশের সাহায্যে চুলে লাগিয়ে নিন। এরপর শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে আধঘণ্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
যাদের চুল শুষ্ক তারা সপ্তাহে দুবার এ হেয়ার প্যাক ব্যবহার করবেন। আবার যাদের চুল স্বাভাবিক তারা একবার ব্যবহার করলেই চলবে।
গোলাপ
গোলাপের নারিশিং ও ময়েশ্চারাইজিং উপাদান চুলের জন্য স্বাস্থ্যকর। চুল হয় ঘন ও ঝলমলে। গোলাপজল খুশকি দূর করতে কার্যকর। পাশাপাশি মাথার ত্বকে যেকোনো রকম ফাঙ্গাল ইনফেকশনের চিকিত্সায় গোলাপজল ব্যবহার হয়।
চুলে গোলাপজল ব্যবহারের পদ্ধতিও খুব সহজ। লাগিয়ে রাখলেই হলো। চুল ধোয়ার আগে বা পরে দুই ভাবেই ব্যবহার করতে পারেন।
গোলাপের পাপড়ি শুকিয়ে গুঁড়া করে রাখুন। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হালকা গরম করে চুলে ও মাথার তালুতে লাগান। চুলের আগা ফাটা থাকলে সেখানে বেশি করে লাগান। আধা ঘণ্টা পর ধুয়ে চুলে শ্যাম্পু করে ফেলুন। আগা ফাটা দূর হবে আর চুল পড়াও কমে যাবে।
চুলের জন্য গোলাপের টোনার তৈরি করতে পারেন। মৌরি ও মেথি আধা কাপ করে নিয়ে ২ কাপ পানিতে জ্বাল দিয়ে ১ কাপ পরিমাণ করে নিন। এরপর ছেঁকে আধা কাপ গোলাপজল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। রাতে স্কাল্প ও চুলে ভালো করে স্প্রে করে নিন। চুল শুকিয়ে তারপর ঘুমাতে যান। এ টোনার চুল ও মাথার ত্বক ছত্রাকমুক্ত রাখবে।
পদ্ম
পদ্ম ফুলের পাপড়িতে আছে প্রচুর ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স এবং বেশ কিছু অত্যাবশ্যকীয় খনিজ পদার্থ। এটি তৈলাক্ত ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যাওয়া এবং ব্রণের সমস্যায় কার্যকর।
পদ্ম ফুলের পাপড়ি পেস্ট করে অ্যালোভেরা জেল, একটি ডিম ও ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে এক ঘণ্টা পর শ্যাম্পু করুন।
বেলি
কয়েকটি তাজা বেলি ফুল নারকেল তেলের মধ্যে দিয়ে ১০ মিনিট গরম করে ছেঁকে একটি বোতলে ভরে রেখে দিন। শ্যাম্পু দেওয়ার এক ঘণ্টা আগে এ তেল ম্যাসাজ করুন স্কাল্পে। চুলে ভ্যাপসা গন্ধ হবে না।