প্রচ্ছদ
সুবর্ণা মেহ্জাবীন স্বর্ণা
প্রকাশ : ১৪ মে ২০২৪ ২০:৪২ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ২০:৪৪ পিএম
মডেল : সজীব ও জুঁই; পোশাক : বিশ্বরঙ; মেকআপ : রেড বিউটি সেলুন; ছবি : ফারহান ফয়সাল
ফ্যাশন দুনিয়ায় প্রতিনিয়ত পরিবর্তন দেখা দিলেও প্রিন্ট পোশাকের কদর কমেনি এতটুকুও। বরং দিনে দিনে প্রিন্ট পোশাকে যোগ হচ্ছে নতুনত্ব। আর এ বৈরী আবহাওয়ায় ফ্যাশনের সঙ্গে আরাম বহাল রাখতে প্রিন্ট পোশাকই যেন পয়মন্ত।
ব্যক্তির পছন্দ ও রুচির ওপর নির্ভর করে তার পোশাক কেমন হবে। অনেকেই পোশাকের ক্ষেত্রে সলিড এক রঙ বেছে নেন। কেউ বেছে নেন প্রিন্ট। কিছু প্রিন্ট কাপড় রয়েছে যেগুলো ফ্যাশন জগতে যুগ যুগ ধরে চলে আসছে। এর কারণ হিসেবে বলা যেতে পারে, এসব রঙ বা প্রিন্ট তাৎক্ষণিকভাবে আকর্ষণ করে। যে প্রিন্টগুলো চিরকালের জন্য ট্রেন্ড হিসেবে বিবেচিত।
মেয়েদের ফ্যাশনে সব সময়ই ছিল প্রিন্টের কদর। প্রিন্ট ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি সব সময়ই ফ্যাশনেবল। আর এ তীব্র গরমে আরামদায়ক ফেব্রিকে তৈরি প্রিন্টের পোশাক বেশ স্বাচ্ছন্দ্যময়। নিত্যদিন পরার জন্য প্রিন্টের পোশাক যেমন আরামদায়ক তেমন যেকোনো অনুষ্ঠানেও সুন্দর মোটিফের প্রিন্ট পোশাক দেয় ক্লাসিক লুক।

ফ্লোরাল মোটিফের পোশাক নারীদের বেশি পরতে দেখা যায়। কেননা ফ্লোরাল প্রিন্ট দেখতে যেমন সুন্দর তেমন চোখে অন্যরকম স্বস্তি দেয়। এ প্রিন্ট ক্লাসিক এবং ঐতিহ্যবাহী লুক দেয়। ফুল, লতা বা পাতার নকশা পোশাকে বৈচিত্র্য আনার পাশাপাশি সতেজ লুক দেয়। এ ধরনের প্রিন্টের পোশাক যেকোনো আনুষ্ঠান বা নিত্যদিন পরার জন্য খুব উপযোগী। সঙ্গে দেখতে লাগে স্টাইলিশ। ছোট-বড়, ভিন্টেজ নানা ডিজাইনে মেলে এ প্রিন্ট। বিশেষ করে আনুষ্ঠানিক পোশাকের জন্য ভিন্টেজ ফ্লোরাল প্রিন্ট বেছে নিতে পারেন। নিত্যদিন পরার জন্য বেছে নিতে পারেন ছোট ফ্লোরাল প্রিন্টের পোশাক।

জ্যামিতিক প্রিন্টের পোশাক বেশ কিছু বছর ধরে ট্রেন্ডি। যদি কেউ ত্রিভুজ, চতুর্ভুজ সার্কেল, পিরামিড এ ধরনের ডিজাইন পছন্দ করেন তাহলে অনায়াসে বেছে নিতে পারেন জ্যামিতিক প্রিন্টের কুর্তি। জ্যামিতিক প্রিন্টের নকশায় বিভিন্ন রঙের ব্যবহার পোশাকে সতেজ ভাব ফুটিয়ে তুলতে পারে।
তবে শুধু প্রিন্টের পোশাক নির্বাচন করলেই হবে না পোশাকটির ফেব্রিক হওয়া চাই আরামদায়ক। এ সময় সুতি কাপড়ের পোশাক সব থেকে আরামদায়ক। এ ছাড়া বেছে নিতে পারেন লিনেন, স্লাব কটন, শিফন জর্জেট, ভিসকস, মসলিন, পাতলা খাদি কাপড়ের পোশাক।
ছেলেদের ফ্যাশনে প্রিন্ট শার্টের ট্রেন্ড বহু পুরোনো। তবু এ ট্রেন্ডের আবেদন প্রায় সারা বছরই দেখা যায়। বিশেষ করে গরমের সময় প্রিন্টের শার্ট ব্যবহার করতে দেখা যায় বেশি। এবারের গ্রীষ্মের ফ্যাশনে প্রিন্ট প্যাটার্নের শার্ট বেশ চলছে। গরমের অস্বস্তিকর দিনগুলোয় একটু আরাম ও স্বাচ্ছন্দ্যের জন্য অনেকেই হাফহাতা শার্ট ব্যবহার করেন। এ হাফহাতা শার্টেই প্রিন্টের ব্যবহার বেশি দেখা যায়। তবে ফুলহাতা শার্টে রয়েছে প্রিন্টের ব্যবহার। ক্যাজুয়াল ফ্যাশনে প্রিন্টের শার্টের ট্রেন্ড ছেলেদের করে তোলে আরও আধুনিক ও এলিগ্যান্ট। এ ছাড়া তাদের ফ্যাশনে নিয়ে আসে বৈচিত্র্য।
শার্টে প্রিন্ট নিয়েও রয়েছে অনেক ধরন। ফুলেল প্রিন্ট, চেক, পলকা, ডটস জ্যামিতিক নকশাসহ কয়েক ধরনের প্রিন্ট সাধারণ শার্টে ব্যবহার করা হয়। এর মধ্যে আবার ছোট-বড়র বিষয়ও রয়েছে। বড় ফুলের প্রিন্টেড নকশা যেমন রয়েছে তেমন রয়েছে ছোট ফুলের নকশা। একইভাবে বড় আকারের ডটস খুব একটা শার্টের প্রিন্টে ব্যবহার হয় না তবে ছোট পলকা ডটসের ব্যবহার ব্যাপক। ডটসের বদলে কখনও স্টার, পাতা বা অন্য কোনো ছোট নকশাও দেখা যায়।
চেক শার্টের বদলে আজকাল অনেকেই বেছে নিচ্ছেন প্রিন্টের শার্ট। এসব শার্টে এক দিকে যেমন ফ্যাশনেবল হয়ে ওঠা যায় তেমন ছেলেরা তাদের পোশাকের সম্ভারে বৈচিত্র্যও আনতে পারে খুব সহজে।

শার্টে ফ্লোরাল প্রিন্ট অর্থাৎ ফুল, লতা বা পাতায় নকশা বেশি প্রচলিত। এ ধরনের প্রিন্ট আউটফিটে বৈচিত্র্য আনার পাশাপাশি বেশ সতেজ একটা ভাব তৈরি করে আউটলুকে। ফ্লোরাল প্রিন্ট সব পরিবেশেই মানিয়ে যায়। এরপর যে প্রিন্টটি শার্টের ক্ষেত্রে বেশি জনপ্রিয় তা হলো ডটস। যারা একটু কম ফ্যাশনেবল হিসেবে নিজেদের তুলে ধরতে চান তারা এ ধরনের প্রিন্ট ব্যবহার করতে পারেন। তবে এ ধরনের প্রিন্ট একই সঙ্গে ট্রেন্ডি আর সফিস্টিকেটেড। ছেলেদের শার্টে আরও কয়েকটি কমন প্রিন্ট ব্যবহার করতে দেখা যায়। যেমন সেইল বোট, ক্যান্ডি, আমব্রেলা প্রিন্ট, স্টার। এসব ছাড়াও আজকাল অন্য প্রিন্টও ব্যবহার হয়।
এ ছাড়া জ্যামিতিক নকশাও শার্টের প্রিন্ট হিসেবে ব্যবহার করতে দেখা যায়। যদি কেউ ত্রিভুজ, চতুর্ভুজ সার্কেল, পিরামিড এ ধরনের ডিজাইন পছন্দ করেন তাহলে অনায়াসে বেছে নিতে পারেন জ্যামিতিক প্রিন্টের শার্ট। এসব ছাড়াও এ বছর শার্টের ক্ষেত্রে শেড রঙের শার্ট বেশ জনপ্রিয়। অর্থাৎ একই শার্টে কোথাও গাঢ় কোথাও থাকছে হালকা রঙের কম্বিনেশন। যেমন শার্টের অর্ধেকটা যদি ডেনিম নীল রঙ হয় তাহলে বাকিটা থাকছে হালকা সবুজ। এ ধরনের শার্টও আজকাল বেশ জনপ্রিয় ফ্যাশন ট্রেন্ড।