× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-২০২৩

বাংলাদেশের ছয়ে ছয়

আসমাউল হুসনা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৩ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৯:১৪ পিএম

পদকজয়ী বাংলাদেশের ছয় শিক্ষার্থী

পদকজয়ী বাংলাদেশের ছয় শিক্ষার্থী

চলতি বছর ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড  অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। ৫৪ দেশ থেকে ৩৪৫ মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেন এতে। বাংলাদেশ থেকে অংশগ্রহণ করা ছয়জনই তিনটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করেন

বর্তমান প্রজন্মকে আধুনিক বিজ্ঞানের সঙ্গে এগিয়ে যেতে নানারকম প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড’ তেমনই একটি প্রতিযোগিতামূলক আয়োজন। চলতি বছরে ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও-২০২৩) অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। ১ থেকে ৯ ডিসেম্বর চলে এ প্রতিযোগিতা। ৫৪ দেশ থেকে ৩৪৫ মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেন এতে। বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন ছয়জন। গর্বের বিষয়, এ ছয়জনই তিনটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করেন। এ যেন বিজয়ের মাসে তারুণ্যের আরও একটি বিজয়। পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান এ তিন বিষয়ের ওপর যথাক্রমে লিখিত, বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হন পদকজয়ীরা।

৯ ডিসেম্বর ব্যাংককের একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দল ২৯ নভেম্বর দেশ ছাড়ে এবং ১০ ডিসেম্বর ফিরে আসে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে দলটিকে স্বাগত জানান বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সদস্যরা। বাংলাদেশ দলের কান্ট্রি কো-অর্ডিনেটর ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী বলেন, ‘আমাদের ফল অসাধারণ হয়েছে এ বছর। আমাদের পরীক্ষামূলক কাজে আরও অগ্রগতি প্রয়োজন। এ অর্জনে আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অভিনন্দন।’

বাংলাদেশ দলের রৌপ্যপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন সিরাজুস সালেকিন সামীন (একাদশ শ্রেণি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ), ফায়েজ আহমেদ (দশম শ্রেণি, রাজশাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুল), মনামী জামান (নবম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ)। ব্রোঞ্জপদকপ্রাপ্তরা হলেন শুভাশীষ হাওলাদার (একাদশ শ্রেণি, নটর ডেম কলেজ), তাসলিমা তাসনিম লামিয়া (একাদশ শ্রেণি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ), সাবিল ইসলাম (অষ্টম শ্রেণি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ)। এ ছাড়া ব্যাংককে ছয় সদস্যের বাংলাদেশ দলের সঙ্গে সহকারী দলনেতা হিসেবে ছিলেন বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের একাডেমিক সদস্য আবিদুর রহমান।

পদকজয়ী ফায়েজ আহমেদ বলেন, ‘গত কয়েক মাসের অক্লান্ত পরিশ্রম শেষে রৌপ্যপদক পেয়ে অবশ্যই ভালো লাগছে। আশা ছিল আরও ভালো কিছু পাওয়ার। তবে বাংলাদেশের পুরো দল পদক পাওয়ায় সে আক্ষেপ কেটে গেছে। আশা করি যথেষ্ট প্রশিক্ষণ পেলে বাংলাদেশ সামনের বছরই স্বর্ণপদক অর্জন করবে।’ মনামী জামান বলেন, ‘আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৩-এ রৌপ্যপদক অর্জন করতে পেরে খুব ভালো লাগছে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের গত কয়েক মাসের পরিশ্রমের ফসল এটি। আশা করি ভবিষ্যতে বাংলাদেশ আরও ভালো ফল করবে।’

তাসলিমা তাসনিম লামিয়া বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ করে ব্রোঞ্জ মেডেল পাওয়াটা সত্যিই স্বপ্নপূরণের মতো ছিল। দেড়-দুই মাস ট্রেনিং, তারপর এ ১০ দিনের অভিজ্ঞতা শেষে মেডেলের সঙ্গে ফিরতে পারার অনুভূতি অসাধারণ।’ ২০১৩ সালে ভারতে অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ দল। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-এর উদ্যোগে সে বছর দুই সদস্যের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল। সে বছরই বাংলাদেশ আইজেএসওর সদস্যপদ লাভ করে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নয়টি আসরে অংশগ্রহণ করে বাংলাদেশ এ পর্যন্ত ১৫টি রৌপ্য ও ২৪টি ব্রোঞ্জ পদক পেয়েছে।

দেশের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি ভালোবাসা বৃদ্ধি ও বিজ্ঞান গবেষণায় উৎসাহী করার জন্য এবং আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দল নির্বাচনের জন্য ২০১৫ সাল থেকে আয়োজিত হচ্ছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। বিশ্বের ১৬ বছরের কম বয়সি স্কুল/কলেজের শিক্ষার্থীর মধ্যে চার ক্যাটাগরিতে আয়োজিত হয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও নির্বাচনের দায়িত্ব পালন করে বিডিজেএসও।

সারা দেশের শিক্ষার্থীদের জন্য অনলাইনে বাছাই পর্ব অনুষ্ঠানের আয়োজন করে বিডিজেএসও। অনলাইন থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে করা হয় আঞ্চলিক পর্যায়ের বাছাই প্রক্রিয়া। আঞ্চলিক পর্ব থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা ঢাকায় জাতীয় পর্বে অংশগ্রহণ করে। এ ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে ১০-১২টি প্রশ্ন রাখা হয় শিক্ষার্থীদের জন্য। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর ও মোট ৩০ মিনিট বরাদ্দ থাকে।

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ২০তম আসরে অংশগ্রহণকারী বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

আয়োজনটির পৃষ্ঠপোষক হিসেবে ছিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। বাংলাদেশ দল বাছাইয়ের আয়োজন জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আইজেএসও দলের সহকারী দলনেতা জালাল আহমেদ বলেন, ‘টিম বাংলাদেশের এ অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। আশা করি ভবিষ্যতে ভালো ফলের এ ধারা অব্যাহত থাকবে। পরবর্তী লক্ষ্য স্বর্ণপদক, ইনশা আল্লাহ। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি সব সময় এ টিমের সঙ্গে থাকবে। টিমের সব সদস্য যারা সামনে ও পেছনে থেকে নিরলস ও কঠোর পরিশ্রম করেছেন সবাইকে অভিনন্দন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা