রেজাউল বাহার
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১৩:৩২ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১৬:১০ পিএম
সাত মহাদেশের শততম দেশ ভ্রমণের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন রেজাউল ও শারমীন দম্পতি। শত দেশের শত গল্প প্রতিদিনের বাংলাদেশ-এর পাঠকের জন্য তুলে ধরেছেন রেজাউল বাহার। আজ থাকছে- হংকং, ভিয়েতনাম, বেলিজ, মালয়েশিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ভার্জিন আয়ারল্যান্ড, গ্রেট ব্রিটেন ভ্রমণ নিয়ে চতুর্থ পর্ব...

হংকংয়ে তিন হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষের বাস। সেই প্রাচীনতম সভ্যতার দেশ হংকংয়ে আমরা ২০১৫ সালে ভ্রমণ করি। হংকংয়ের লানতাউ দ্বীপে টিয়েন ত্যান বুদ্ধের মূর্তি রয়েছে, যা বিগ বুদ্ধ নামেও পরিচিত। বিগ বুদ্ধের দর্শনে আমরা লানতাউ দ্বীপে যাই।

হালং বে দেখা ছাড়া ভিয়েতনাম সফর অসম্পূর্ণ থেকে যায়। ভিয়েতনামের কুয়াংনিন প্রদেশের হালং বে সারা বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র। অন্তহীন নীল আকাশ, নিচে সুবিস্তৃত নীল জলরাশি, কিছুদূর পরপর ত্রিভুজ, চতুর্ভুজ আকৃতির সবুজ পাহাড়ের দ্বীপ— সব মিলিয়ে হালং বে অসাধারণ।

জীবনের জাঁতাকলে আমাদের বেশিরভাগ মানুষই বিয়ের পর হানিমুন করতে পারেন না, আমিও পারিনি। কিছুটা ভাগ্য আর কয়েকটা বছরের কষ্টের কারণেই হয়তো কয়েক বছর ধরে আমরা বছরে গোটা দশেক হানিমুনে ব্যস্ত। যাই হোক, সে এক ভিন্ন আলাপ। বেলিজ সেন্ট্রাল আমেরিকার ছোট্ট একটি দেশ। আমেরিকানদের অনেকেরই এখন অবসরের পর সেকেন্ড হোম বেলিজ। রেইন ফরেস্ট, মায়ান সভ্যতার এই দেশ বেলিজ। সেখানে যাওয়ার ব্যাপারটা আমেরিকার ভিসা বা ট্রানজিট ভিসার সঙ্গে যুক্ত। এয়ার টিকিট নির্ভর করে কোন জায়গা থেকে আসবেন। রেইন ফরেস্টের লজে প্রতি রাত $২৫০-৩০০ ডলার। আমাদের ট্রিপ ছিল সেলফ ড্রাইভ।

মায়ানদের দেশে এসে ভাবি- ৪০০০ বছর আগে যখন পৃথিবীর অনেক প্রান্তে মানুষ সভ্যও হতে শেখেনি, স্থায়ী কোনো আবাস গড়তে জানেনি, সেই সময়ে মায়ানরা কী করে ২৫-৩০ তলার সমান উঁচু স্থাপনা তৈরি করেছিল? জ্যোতির্বিদ্যা আর ভাষা নিয়ে রেখেছিল অগাধ জ্ঞান? কেমন করে তারা সবার চাইতে উন্নত হয়ে গিয়েছিল?

ইস্ট ইউরোপের চারটি দেশে সপ্তাহখানেকের রোড ট্রিপে অনেক স্মৃতি জমেছে। যারা ভ্রমণবিলাসী, যারা ভ্রমণে যেতে আগ্রহী তাদের জন্য এখনই সময়, কাল বলে কিছু নেই। জীবনের বোঝা কমাতে হবে, কমাতে না পারলেও বাড়ানো যাবে না। গন্তব্য পরিকল্পনা সঙ্গী-সাথী আর খরচের হিসাব এখনই শুরু করতে হবে।

এই ইস্ট ইউরোপের রোড ট্রিপে চারটি দেশ ছিল- হাঙ্গেরি, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও অস্ট্রিয়া।

রোড ট্রিপের ম্যাপিংটা ছিল হাঙ্গেরির বুদাপেস্টে নেমে গাড়ি নিয়ে বুদাপেস্ট (হাঙ্গেরি)-ব্রাতিস্লাভা (স্লোভাকিয়া)-যুবলজানা (স্লোভেনিয়া)-ব্লেড (স্লোভেনিয়া)-গ্রোসগ্লোকনার (অস্ট্রিয়া)-বুদাপেস্ট (হাঙ্গেরি)।

মালয়েশিয়ায় সুপরিকল্পিত নগরায়ণ যে কারও নজর কাড়বে। কুয়ালালামপুর নগরের অন্যতম নিদর্শন পেট্রোনাস টুইন টাওয়ার।

উত্তর আয়ারল্যান্ড, এই দ্বীপে যারা বাস করে তারা মূলত আইরিশ। বেলফাস্ট শহর ভীষণ বিষন্ন এবং বিরক্তিকর লেগেছে। টাইটানিকের জন্ম এই বেলফাস্টে। মানুষের স্বপ্নের যে জাহাজ কখনোই ডোবার কথা না, সে প্রথম যাত্রাতেই ১৫০৩ জন মানুষের জীবন কেড়ে নেয়, তৈরি হয় ইতিহাস। সে ইতিহাস ঘিরেই এত জল্পনা-কল্পনা, সিনেমা, এক্সিবিশন, গ্রন্থ আর কল্পকাহিনী। এই বেলফাস্টেই টাইটানিকের জন্য জাদুঘর, টাইটানিক কোয়ার্টার। টাইটানিককে সাপোর্ট দেওয়ার জন্য যে সিস্টার-শিপ নোমাডিক সেটাও এখানে রাখা আছে। নর্দান আয়ারল্যান্ড, এই ছোট্ট জায়গার মধ্যেই আছে আটলান্টিক ঘেঁষে অদ্ভুত সব জায়গা। ব্রিটিশ সাম্রাজ্যের সেই ক্যাসেল ছাড়াও প্রকৃতির এক অদ্ভুত আশ্চর্য জায়ান্ট কজওয়ে এই নর্দান আয়ারল্যান্ডে। এখানকার প্রকৃতির রূপ যে কাউকে মুগ্ধ করবেই।


স্বর্গ দেখিনি, তবে কল্পনার স্বর্গরাজ্যেকে কাছ থেকে দেখে আসলাম ইউএসের ভার্জিন আইসল্যান্ড গিয়ে।
ছবি: লেখকের ব্যক্তিগত সংগ্রহ থেকে