মেনোপজ
ডা. সুলতানা আলগিন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১৩:২৫ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩ ১৩:২৬ পিএম
প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে বলা উচিত, মেনোপজ কোনো রোগ নয় বরং শারীরবৃত্তীয় একটি সাধারণ প্রক্রিয়ামাত্র। মেনোপজ কিন্তু হঠাৎ করেই হয় না। দীর্ঘ সময় নিয়ে এটি হয়। মেনোপজ শুরু হওয়ার আগেই শরীরে বেশ কিছু পরিবর্তন আসে। সে সময়ের আগেই এ বিষয়টির সঙ্গে মানিয়ে চলার মানসিকতা থাকা জরুরি।
এ ছাড়া দৈনন্দিন কাজের মাধ্যমে নিজেকে সাধারণ জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এ সময় কিছু বিষয় আপনাকে ভালো রাখতে পারে।
সামাজিক যোগাযোগ বৃদ্ধি : মেনোপজ শুরু হতে হতে সবার ছেলেমেয়ে বড় হয়ে যায়। কারও সন্তান পেশা নিয়ে ব্যস্ত থাকে, কেউ বিয়ে করে নিজের সংসার সাজায়। এ সময়টিতে নিঃসঙ্গতা কাটাতে সামাজিক যোগাযোগ বাড়ান। আশপাশের মানুষের সঙ্গে মিশুন।

পড়ুন-জানুন : মেনোপজজনিত হতাশা দূর করতে মেনোপজ সম্পর্কে বেশি বেশি পড়ুন ও জানুন। এ ছাড়া ভালোলাগার বই যেমন গল্প, কবিতা, উপন্যাস, ফিকশন আপনার মনকে ভালো রাখবে।
গাছ লাগান : গাছের সবুজ রঙ মনকে প্রশান্ত করে। মেনোপজ-পরবর্তী সময়ে গাছ লাগাতে পারেন। গাছ পরিচর্যার মাধ্যমে সময় ভালো কাটবে।
স্বামীর দায়িত্ব : মেনোপজ-পরবর্তী সময়ে বিষণ্নতা কাটাতে মুখ্য ভূমিকা রাখে স্ত্রীর প্রতি স্বামীর আচরণ। এ সময় স্বামী-স্ত্রীর সম্পর্কে বেশ পরিবর্তন আসে। তাই স্বামীর উচিত প্রতিদিন কিছু ভালো সময় স্ত্রীকে উপহার দেওয়া।
পরিবারের অন্য সদস্যদের দায়িত্ব : প্রত্যেক নারীর উচিত মেনোপজ নিয়ে নিজের সন্তানদের সঙ্গে খোলামেলা আলোচনা করা এবং সন্তানদের উচিত মায়েদের সাহস দিয়ে পাশে থাকা।
নিজেকে ভালোবাসুন : সর্বোপরি নিজেকে ভালোবাসলে বিষণ্নতা, হীনমন্যতা দূর করা সম্ভব।
লেখক : অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)