আইন-আদালত
দিলরুবা শরমিন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১২:৩৫ পিএম
পাঠকদের আইনগত সমস্যার সমাধানে এই বিভাগ। নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী দিলরুবা শরমিন
প্রশ্ন : আমার স্বামী আমার সঙ্গে প্রতারণা করে নিজেই ধর্মান্তরিত হয়ে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছেন। এর পর থেকে আমাকে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে নির্যাতন করে আসছেন। আমাকে বলেছিলেন, প্রথম স্ত্রীর সঙ্গে তার লিগ্যালি সেপারেশন হয়েছে। এরপর বহুবার কাগজ দেখতে চেয়েছি, কিন্তু দেখাতে পারেননি। পরে আমাদের বিয়ের কথা জেনে তার প্রথম স্ত্রী হিন্দু আইনে মামলা করেছেন। এর ওপর ভিত্তি করে আমাকে আরও নির্যাতন করেছেন। আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়েছেন। আমাকে পুলিশ দিয়ে হয়রানি করেছেন। বাসা থেকে বের করে দিয়েছেন। আমাকে ডিভোর্স তো দেনইনি, উপরন্তু আমার বিভিন্ন সময়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে মর্যাদা ক্ষুণ্ন করেছেন। আমি এখন কী করব?
-নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
উত্তর : সিভিল ও ক্রিমিনাল আইনে অভিজ্ঞ একজন আইনজীবীর শরণাপন্ন হোন আপনি। চাইলে তিনি আপনার পক্ষে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করে দিতে পারবেন; যা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। আপনার কথা শুনে মনে হলো, চাইলে আপনি আপনার স্বামীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করতে পারেন। যেমন স্বামীর বিরুদ্ধে রেপ কেস করতে পারেন, কারণ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আগের বিয়ে গোপন করে বিয়ে করা যায় না। আপনি তার বিরুদ্ধে প্রতারণার মামলাও করতে পারেন। করতে পারেন নারী নির্যাতন মামলা। মানহানির মামলা তো করবেনই। এ ছাড়া ক্ষতিপূরণ মামলা, সিএসএ অ্যাক্টে মামলা, পর্নোগ্রাফি অ্যাক্টেও মামলা করবেন। আপনার সঙ্গে যা ঘটেছে সেজন্য ন্যায্য বিচার পেতে আপনার পক্ষে একাধিক আইন আছে। তবে মামলা করার আগে ভাবুন আসলেই আপনি মামলা করবেন কি না।