স্বাদু সংবাদ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১২:১৭ পিএম
বইয়ের প্রচারের জন্য নিজেকে মৃত ঘোষণা করেছেন লেখক
কোনো লেখক বইয়ের প্রচারে নিজেকে মৃত ঘোষণা করেছেন এবং দুই বছর পর আবার ফিরেও এসেছেন, শুনতে কেমন লাগবে!
বাস্তবে ঘটেছে এমনটাই। এ ঘটনা ২০২০ সালের। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক অখ্যাত রোমান্টিক ঘরানার লেখক সুজান মিচেন। নিজের বই সাধারণত তিনি নিজেই প্রকাশ করেন।
ওই বছরের সেপ্টেম্বরে সুজানের মেয়ে হঠাৎই ফেসবুকে একদিন ঘোষণা দেন, তার মা অনলাইন বুলিংয়ের শিকার হয়ে মানসিক কারণে আত্মহত্যা করেছেন। পরে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময় তার লেখা থেকে উল্লেখযোগ্য অংশ, ছবি ও বই সম্পর্কিত পোস্ট করা হতো। সুজানের মারা যাওয়ার খবরে তার বইয়ের কাটতিও বাড়ে।
কিন্তু ২০২২ সালে টেনেসির লেখকদের একটি গ্রুপে হঠাৎই সুজান মিচেনের আইডি থেকে পোস্ট দেওয়া হয়, তিনি বেঁচে আছেন এবং লেখালেখিতে আবার সরব হয়ে উঠতে চান!
সুজান ওই পোস্টে লেখেন, মানসিক সমস্যার কারণেই তিনি এ কাজ করেছেন এবং তার পরিবারকেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এবার তিনি আরও ভালোভাবে লেখালেখিতে মন দিতে চান।
কিন্তু সুজানের এ বক্তব্য মেনে নিতে পারেনি কেউই। অধিকাংশ পাঠকই মনে করেন, সুজান বই বিক্রির জন্য এ ছদ্মবেশ ধারণ করেছিলেন।