লেখা ও আঁকা : স্বপ্নিল কুমার ভদ্র
প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৩:৩০ পিএম
রাতুল ও মিনি দুই ভাইবোন। তারা গ্রামে থাকে। বনের ধারেই তাদের বাড়ি। দুই ভাইবোন পড়াশোনায় খুব ভালো। রাতুল স্কুল থেকে ফিরে গরুকে খড় দেয়, পানি দেয়। পঞ্চম শ্রেণিতে পড়ে রাতুল। মিনিও খুব লক্ষ্মী মেয়ে। সে ঘর ঝাড় দেয়, রান্নার কাজে মাকে সাহায্য করে। ছুটির দিনে সবাই মিলে লুডু খেলে। গ্রামের সবাই দুই ভাইবোনকে খুব ভালোবাসে। মা-বাবাও খুব গর্বিত এমন সোনার টুকরো ছেলেমেয়ে পেয়ে।
চলছে বর্ষাকাল। একদিন স্কুল থেকে ফেরার সময় রাতুল মিনিকে বলল, চল বনের কদমগাছ থেকে কদমফুল পেড়ে আনি। মিনিও বলল, চল। রাতুল ও মিনি পা টিপে টিপে বনে ঢোকে। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। সামনেই কদমগাছ। রাতুল ও মিনি হাত বাড়িয়ে গাছ থেকে কদমফুল পেড়ে নেয়। তাকিয়ে তাকিয়ে বনের অন্য গাছগুলোকে দেখে। হঠাৎ একটা ডাক শুনে পেছন দিকে তাকায়। দেখে একটা ব্যাঙ ও তার ছানা দ্রুত লাফিয়ে লাফিয়ে আসছে আর একটি সাপ ব্যাঙ দুটোর দিকে তেড়ে আসছে। ব্যাঙ দুটো ভয়ে কাঁপছে।
রাতুল খুব সাহসী ছেলে। সে কদমগাছের নিচ থেকে একটা ইটের টুকরো তুলে নিয়ে ছুড়ে মারল সাপের মাথা লক্ষ্য করে। সাপটি পালিয়ে গেল। ব্যাঙ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাল রাতুল ও মিনিকে। ভাইবোনের বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে বাবাকে পাঠালেন মা খোঁজ নিতে। বাবা বনে ঢুকে রাতুলের নাম ধরে ডাকতে ডাকতে আসছেন দেখে রাতুল বলল, আমরা কদমগাছের নিচে। বাবা এলে দুই ভাইবোন ব্যাঙকে বিদায় জানিয়ে কচুপাতা মাথায় দিয়ে বাড়ি ফিরে এলো।
পঞ্চম শ্রেণি, প্রগ্রেসিভ নার্সারি স্কুল, ময়মনসিংহ