× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাদখোলা বাসে সমুদ্র দেখা

আবু রায়হান তানিন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৫:৩৯ পিএম

ছাদখোলা বাসে সমুদ্র দেখা

চট্টগ্রাম শহরের পশ্চিম প্রান্তে বঙ্গোপসাগরের কূলঘেঁষে প্রায় ১৫ কিলোমিটারের দৃষ্টিনন্দন আউটার রিং রোড; যার এক প্রান্তে পতেঙ্গা সমুদ্রসৈকত, অন্য প্রান্তে উত্তর কাট্টলী এলাকা। যেখানে গড়ে উঠেছে মনোমুগ্ধকর ডিসি পার্ক। এ দুটি চট্টগ্রামের মানুষের অবকাশযাপনের অন্যতম স্পট হয়ে উঠছে। তবে শহরের বাইরে এর অবস্থান হওয়ায় সেখানে কোনো গণপরিবহনের ব্যবস্থা নেই। ফলে ভ্রমণপিপাসুদের নানা ভোগান্তি সহ্য করতে হতো। চট্টগ্রামবাসী ও পর্যটকদের দুর্ভোগ লাঘবে ‘প্রধানমন্ত্রীর উপহার-পর্যটক বাস’ চালু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের সহযোগিতায় বাস সার্ভিসটি চালু করেছে জেলা প্রশাসন।

১০ জুন থেকে চালু হওয়া এ বাসে শহরের টাইগার পাস থেকে উত্তর কাট্টলী ও পতেঙ্গা সমুদ্রসৈকতগামী পর্যটকরা যাতায়াত সুবিধা পাবেন। ফলে ভোগান্তি থেকে মুক্তি তো পাওয়া যাবেই, পাশাপাশি দ্বিতল ছাদখোলা বাসে চড়ে সাগর দেখতে দেখতে ১৫ কিলোমিটার লং ড্রাইভের  সুবিধাও পাবেন।

আপাতত পতেঙ্গা ও ডিসি পার্কমুখী পর্যটকরা এ সেবা পেলেও শিগগিরই এর সঙ্গে অর্ধদিবস ও পূর্ণদিবস ভ্রমণসেবা চালু করার ঘোষণাও দিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

সার্ভিসটি চালু হলে গুলিয়াখালী, পারকি সমুদ্রসৈকত ও চট্টগ্রামের ঐতিহাসিক স্থানগুলোও পর্যটন বাসে ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। পর্যটন খাত আরও সমৃদ্ধ করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়, নদী, সমুদ্র আর সবুজ বনাঞ্চলে সমৃদ্ধ বন্দরনগর চট্টগ্রাম দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় এলাকা হিসেবে পরিচিত। প্রতি বছর অনেক পর্যটক চট্টগ্রামে আসেন। তাদের সুবিধার্থে পর্যটন বাস সার্ভিস চালু করা করা হয়েছে।

কখন যাবেন, ফিরবেন কখন, ভাড়া কত

পর্যটক বাস দুটি চট্টগ্রাম শহরের টাইগার পাস থেকে যাত্রা করে ফৌজদারহাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্রসৈকতে যাবে। পুনরায় একই রুটে পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে ডিসি পার্ক হয়ে টাইগার পাস ফিরবে। শহর থেকে প্রতি শুক্রবার তিনটি ট্রিপ যথাক্রমে সকাল ৯টা, বিকাল ৩টা ও ৪টায় ডিসি পার্কের উদ্দেশে ছেড়ে যাবে। শনিবার চারটি ট্রিপ যথাক্রমে সকাল ৯টা, ১০টা, বিকাল ৩টা ও ৪টায় ছাড়বে। সপ্তাহের বাকি পাঁচ দিন দুটি ট্রিপ যথাক্রমে বিকাল ৩টা ও ৪টায় টাইগার পাস থেকে পতেঙ্গার উদ্দেশে যাত্রা করবে। অন্যদিকে ফেরার পথে পতেঙ্গা থেকে শুক্রবার তিনটি ট্রিপ যথাক্রমে দুপুর ১২টা, সন্ধ্যা ৭টা, রাত ৮টায় শহরের উদ্দেশে ছেড়ে আসবে। শনিবার চারটি ট্রিপ যথাক্রমে দুপুর ১টা, ২টা, সন্ধ্যা ৭টা, রাত ৮টায় পতেঙ্গা থেকে একই রুটে ফিরে আসবে। রবি থেকে বৃহস্পতিবার পতেঙ্গা থেকে ফিরতি বাস ছাড়বে সন্ধ্যা ৭টা ও রাত ৮টায়। পর্যটক বাস সার্ভিসে ভ্রমণের জন্য টাইগার পাস থেকে ডিসি পার্ক ৪০, ডিসি পার্ক থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত ৩০, টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত ৭০ টাকা। ফেরার পথেও একই ভাড়া থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা