সুবর্ণা মেহ্জাবীন স্বর্ণা
প্রকাশ : ১৩ মে ২০২৩ ১৮:২৮ পিএম
আপডেট : ১৩ মে ২০২৩ ১৯:০৬ পিএম
মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। হ্যাঁ, পৃথিবীর সকল মায়ের মুখের হাসি তার সন্তানের কাছে সব থেকে সুন্দর ও মূল্যবান। বছর ঘুরে আবারও চলে এলো মে মাসের দ্বিতীয় রবিবার। সারা বিশ্বে অনেক শ্রদ্ধা আর ভালোবাসায় এই দিনটি উদযাপন করা হয়। এ বছর মে মাসের ১৪ তারিখ পালিত হবে মা দিবস। সেই দিনে মায়ের জন্য বিশেষ কিছু তো করাই যায়!

অনেকেই মনে করেন মায়ের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বিশেষ দিনের কী প্রয়োজন? কিন্তু ভেবে দেখুন, মাকে তো আমরা ভীষণ ভালোবাসি। রোজ কি সেই কথা মাকে বলা হয়? ঘটা করে একদিন না হয় বলুন- মা তোমাকে খুব ভালোবাসি। আর সঙ্গে উপহার দিন মায়ের পছন্দের কিছু।
শাড়ি : মায়ের প্রিয় শাড়ি কিনতে পারেন মা দিবসের উপহার হিসেবে। মায়ের পছন্দের ফেব্রিক ও রঙের শাড়ি পেলে সে অনেক খুশি হয়ে যাবে।
ফুল : ফুল সবাই পছন্দ করে। যেকোনো দিনেই ফুল উপহার পেলে সবার মন খুশি হয়ে যায়। মা দিবসেও মাকে উপহার দিতে পারেন তার পছন্দের ফুলের তোড়া। সেটি হতে পারে বেলি বা হাসনাহেনা। তার পছন্দের অন্য একটি উপহারের সঙ্গে ফুল রাখতে পারেন।
গয়না : মায়ের জন্য কিনতে পারেন সোনা বা রুপার গয়না। মাকে সঙ্গে করে নিয়ে তার পছন্দ অনুযায়ী কিনে দিন। মা অনেক খুশি হবেন।
সুগন্ধি : মায়ের পছন্দের সুগন্ধি কিনে দিতে পারেন। তার পছন্দের ব্র্যান্ডের কিংবা অন্য নতুন কিছু কিনতে পারেন।

গাছ : ঘরে নিয়ে আসতে পারেন পছন্দের কোনো গাছ। মায়ের শোবার ঘরের বারান্দায় কিছু টব কিনে সাজিয়ে দিতে পারেন।
মগ : মা দিবসের জন্য বিশেষ মগ মেলে এখন। মায়ের জন্য কিনতে পারেন সেটা। মায়ের এবং নিজের ছবি দিয়ে প্রিন্ট করে সেই মগও মাকে দিতে পারেন। সেই ছবি দেখলে অনেক স্মৃতি মনে পড়ে যাবে। সঙ্গে মাও খুশি হবেন।
মায়ের প্রয়োজনীয় জিনিস : হয়তো মা এমনিতে বলছেন কয়দিন ধরে তার কোনো একটা জিনিস দরকার। সেটা হতে পারে গৃহস্থালি বা একান্ত নিজের। বিশেষ এই দিনে মায়ের জন্য সেই জিনিসটি কিনতে পারেন। এতে মা খুশি হবেন এবং তার প্রয়োজনে জিনিসটা কাজে লাগতে পারবেন।
পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া : দিনটিতে সময় বের করে মাকে নিয়ে ঘুরতে যেতে পারেন তার পছন্দের কোনো জায়গায়। ঘুরতে গেলে সবারই ভালো লাগে। আর সেটি যদি হয় পছন্দের জায়গা, তা হলে যোগ হয় বাড়তি আনন্দ।
পছন্দের খাবার রান্না করা : কাজের ব্যস্ততায় রোজ হয়তো মায়ের জন্য রান্না করেন না। এই দিনটিতে মাকে রান্নাঘর থেকে ছুটি দিন। তার পছন্দের কিছু আইটেম রান্না করুন। দেখবেন মা অনেক খুশি হয়ে গেছেন।
পছন্দের বই : মা যদি বই পড়তে ভালোবাসেন, তা হলে তার জন্য খুব ভালো একটা উপহার হবে বই। মায়ের পছন্দের লেখকের বই কিনতে পারেন। এতে তার সংগ্রহের ঝুলিতে যোগ হবে আরও একটা বই। এতে মা খুশি হবেন এবং অবসরে বইটা পড়তে পারবেন।
চশমার ফ্রেম : মায়ের পুরোনো চশমার ফ্রেমটা বদলে নতুন একটা ফ্রেম কিনে দিন। নতুন ফ্রেম পেয়ে মা খুশি হবেন।
কেক ও চকলেট : তার পছন্দের ফ্লেভারের কেক ও চকলেট দিতে পারেন। দিনটি সেলিব্রেট করাও হবে, সেই সঙ্গে মাও হবেন খুশি।
ফ্রেমে বাঁধানো ছবি : মায়ের প্রিয় মুহূর্তের কোনো ছবি বড় করে ফ্রেমে বাঁধাই করে দিতে পারেন। এতে মা খুশি হবেন। ভালো শিল্পী পেলে স্কেচ করিয়েও নিতে পারেন।
বেশি করে সময় দিন : নানা কাজের ভিড়ে মাকে হয়তো বেশি সময় দিতে পারেন না। এই দিনটি শুধুই মায়ের জন্য রাখুন। সারা দিন মায়ের কাছে কাছে থাকলে এটিই হবে মায়ের জন্য বড় উপহার।
দূরে থেকে উদযাপন : যারা মায়ের কাছ থেকে দূরে আছেন, চাইলেও দিনটিতে মায়ের কাছে থাকতে পারছেন না তারা মায়ের জন্য উপহার কিনে পার্সেল পাঠাতে পারেন। কিংবা মাকে প্রাইজবন্ড বা গিফট ভাউচার দিতে পারেন। এতে মা তার পছন্দমতো জিনিস কিনে নিতে পারবেন।