খালেদ হোসাইন
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
অলংকরণ : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি
যা মন চায় আমন চাল
তা থেকে ভাত লালচে
এবং লালশাকের ঝোল
মা যেন তা ঢালছে।
ঝাপ্টা দেয়া বৃষ্টি আসছে
তবু খোলা জানলা
মা কি কাঁঠালবিচি ভেজে
আমার জন্য আনলা?
খুব আনন্দ। বজ্রপাতে
হঠাৎ সাহস উধাও
মা কি দোয়া-দরুদ পড়ে
আমার বুকে ফুঁ দাও?
এগুলো পুরনো চিত্র
সবাই তো তা জানেই।
এখন আমি অনেক বড়
দুনিয়াতে মা নেই।
এখনো খুব মেঘ জমা হয়
দিনগুলো হয় বাদলা।
আকাশ থেকে, বৃষ্টি, আমার
মায়ের জন্য কাঁদলা?