× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যরাতে ক্ষুধা লাগলে কী খাবেন?

রওনক জাহান পুষ্প

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ৪৪ মিনিট আগে

মধ্যরাতে ক্ষুধা লাগলে কী খাবেন?

মধ্যরাতে ক্ষুধা লাগলে কী খাবেন?

চলছে বিশ্বকাপের মৌসুম, খাওয়া ঘুম বাদ দিয়ে রাত জেগে খেলা দেখছে সব জেনারেশনের মানুষ। খেলাগুলোও একেবারে ভোরে, না হয় মধ্যরাতে। ক্ষুধা তো পায়ই। এ ছাড়াও খেলা দেখতে দেখতে মুখ না চালালে কি চলে!

তবে আমরা প্রায়ই এই সময়টায় আনহেলদি খাবার খাই। ফাস্টফুড, তেলে ভাজা খাবার, পিজ্জা- এসব অর্ডার করে খেতে পছন্দ করি। কিন্তু একে তো ফাস্টফুড শরীরের জন্য ভালো না, তারপর রাত জেগে এসব খেলে পরে ভুগতে হয় এসিডিটি, পেটব্যথা, বুক জ্বলায়। এমনকি পেটে সমস্যাও হতে পারে। তাই আজকে থাকছে খেলা দেখতে দেখতে হালকা করে মুখ চালানোর মতো কিছু খাবারের আইডিয়াÑ যেগুলো একইসঙ্গে হেলদি, খেতেও দারুণ আর বানানোও যায় ঘরে বসে অল্প কিছু আইটেমেই। 

পপকর্ন : শুধু খেলা নয়, মুভি, সিরিজ যেকোনো কিছু, পপকর্ন হচ্ছে পারফেক্ট টিভি স্ন্যাক। অল্প অল্প করে খাওয়া যায় অনেকক্ষণ। শুধু মুড়ির মতো বোরিং না, শেয়ার করেও খাওয়া যায় সবার সঙ্গেই। আছে বিভিন্ন ফ্লেভার। কিনে আনতে পারেন পছন্দের ফ্লেভারের পপকর্ন, অথবা বাসায় নিজেই বানাতে পারেন। খেতে খেতে গোল করতে দেখার মুহূর্তগুলো মন্দ কাটবে না!

ঝালমুড়ি : টক-ঝাল ঝালমুড়ি পছন্দ করে নাÑ এমন মানুষ খুব কমই আছে। চানাচুর, শসা, টমেটো আর সরিষার তেলে মাখা ঝাঁঝালো ঝালমুড়ি যেকোনো বয়সীদের কাছেই হিট আইটেম। পরিমাণমতো ঝাল-মসলা থাকলে খেয়ে অস্বস্তিও হয় না। বাসায় বানিয়ে নিতে পারেন নিজের পছন্দের রেসিপিতে ঝালমুড়ি। মুখরোচক হবে, খেলা দেখতে দেখতে মুঠো মুঠো চলবে। একদম কম খরচে পারফেক্ট আইটেম।

ফ্রুট চাট : এখন পাওয়া যাচ্ছে দারুণ সব সিজনাল ফল। আম, পেয়ারা, আপেল এ রকম, কয়েকরকম ফল ছোট ছোট করে কেটে নিয়ে হাল্কা করে চাট মসলা আর বিট লবণ মাখালেই হয়ে যাবে ফ্রুট চাট। খেলা দেখার সময় খেতে পারেন টক-ঝাল-মিষ্টি এই ফ্রুট চাট। যেমন স্বাস্থ্যকর, তেমনই ভালো খেতে।

ঘরে বানানো র‍্যাপ রোল : জিনিসটা শুনতে জটিল মনে হলেও একদমই সহজ। পছন্দমতো আটা বা ময়দার রুটির মধ্যে নিজের পছন্দের ফিলিং যেমন চিকেন, পনির, সালাদ, সবজি দিয়ে রোল করে কেটে নিলেই হয়ে যাবে। কলকাতা স্টাইল এগ রোলের মতোও চাইলে করতে পারেন। তেলে ভাজা রোলের চাইতে এই হেলদি র‍্যাপ রোল খেলে রাতের বেলা এসিডিটির সমস্যা হবে না, পেটও থাকবে ভরা।

চিড়া-বাদাম মাখা : এটাকে পপকর্নের দেশি ভার্সনও বলা যায়। খোসা ছাড়ানো চীনাবাদাম আর শুকনো চিড়া ভালো করে কড়াইয়ে টেলে মুচমুচে করে ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজকুচি, কাঁচামরিচ কুচি আর পছন্দের অন্যান্য জিনিস দিয়ে টস করে নিলেই হয়ে গেল! একফোঁটাও তেল বা ভারি কিছু থাকবে না। খেতে বেশ মজা এই মাখা, খাওয়ার পর অস্বস্তিও লাগবে না।

রুটি পিজ্জা : খেলা দেখা বা সিরিজ দেখার সময় পিজ্জা আমাদের অনেকেরই পছন্দ। কিন্তু বাইরে থেকে আনানো পিজ্জা বেশিরভাগ সময়েই হয় অস্বাস্থ্যকর। পিজ্জার অল্টারনেটিভ হিসেবে ঘরে রুটির উপরেই চিজ ও টপিং দিয়ে ওভেনে বেক করে বা তাওয়ায় সেঁকে চিজ গলিয়ে নিলেই হয়ে যাবে পিজ্জার লাইট আর হেলদি ভার্সন। খেলা দেখতে দেখতে খেতে ভালোই লাগবে, স্বাস্থ্যও ঠিক থাকবে।

হোমমেড স্যান্ডউইচ : স্যান্ডউইচ এমন একটা জিনিস, যেটা হুটহাট বানিয়ে ফেলা যায়। ব্যস্ত সকালে ব্রেকফাস্ট বা সন্ধ্যায় হালকা নাস্তার জন্য যেমন বানানো যায়, তেমনি খেলা দেখতে বসার আগেও চট করে বানিয়ে ফেলা যায় স্যান্ডউইচ। ডিম, চিকেন, বিফ, পনির বা শুধু সবজি, ইচ্ছামতো ফিলিং দিতে পারেন। আবার চাইলে আমেরিকান স্টাইলে পিনাট বাটার এন্ড জেলি অথবা গ্রিলড চিজ স্যান্ডউইচও বানিয়ে নিতে পারেন। ক্লাব স্যান্ডউইচ সাইজে ছোট ছোট রাখলে খেলা দেখার সময় টুপটাপ মুখে দেওয়া তো যাবেই!

স্মুদি : স্মুদি জিনিসটাকে আমরা এখনও অনেকেই শুধুমাত্র ড্রিংক বা শেইকের কাতারে রেখেছি। কিন্তু স্মুদিও হতে পারে খেলা দেখার সঙ্গী। বানানো একদম সহজ, শুধু পছন্দের জিনিসপত্র একসঙ্গে ব্লেন্ড করে নেওয়া। ফল, পিনাট বাটার, প্রোটিন পাউডার, চিয়া সিডস, দই, ওটস যা ভালোলাগে সবই চলে স্মুথদতে। হেলদি করার জন্য চিনি ক্রিম এসবের বদলে হাল্কা মিষ্টি ফল, খেজুরও দেওয়া যায়। ঠান্ডা ঠান্ডা স্মুদি খেতে খেতে খেলা দেখার সময় খারাপ কাটবে না!

মিডনাইট স্ন্যাকস নেওয়ার আগে কিছু জিনিস মাথায় রাখা ভালো। যেহেতু এই খাবারগুলো খাওয়া হবে ডিনারের পর, তাই হাল্কা ও সহজে হজম হবে এমন খাবারগুলোই বেছে নেওয়া উচিত। ভারি, বেশি তেল মসলা অথবা ডুবো তেলে ভাজা খাবার অসময়ে খেলে হজমে সমস্যা হয়ে অসুস্থতা দেখা দিতে পারে। কোনো খাবারে এলার্জিক রিঅ্যাকশন থাকলে সেগুলো খাওয়া উচিত হবে না। কিছু জিনিসের হেলদি অল্টারনেটিভ ব্যবহার করা যায়। যেমন মেয়োনিজের বদলে টক দই, টমেটো সসের বদলে ঘরে বানানো ব্লেন্ডেড টমেটো, সাওয়ারডো ব্রেড, চিনি ব্যবহার না করা ইত্যাদিতে খাবারকে আরও হেলদি বানানো যায়। তাহলে, এই বিশ্বকাপে জমে উঠুক খেলা দেখা, গোওওল বলে চিৎকার, আর মুখরোচক কিন্তু হেলদি খাবারে রাত হয়ে উঠুক উৎসবমুখর। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা