কাজী নওশীন লায়লা
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
পাকা আম দিয়ে নানা রান্না
সময়টা এখন পাকা আমের। শুধু মুড়ি বা ভাত দিয়ে না খেয়ে পাকা আম দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজার মজার অনেক খাবার। আজকের হেঁশেলে রইলো এমনই কিছু রেসিপি।
পাকা আমের লাচ্ছি
যা যা লাগবে
পাকা আম ১টি, চিনি ১ টেবিল চামচ, মিষ্টি দই ১ কাপ, পেস্তা বাদাম ২/৩টা (কুঁচি করা), এলাচ গুঁড়া ১ চিমটি।

যেভাবে বানাবেন
প্রথমে আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আঁটি বের করে নিতে হবে। এরপর ব্লেন্ডারে আম ব্লেন্ড করে নিয়ে কাঁচের বাটিতে ঢেলে রাখুন। এবার দই, চিনি আর বরফ কুঁচি একসঙ্গে ব্লেন্ড করে নিন। এতে দইয়ের মিশ্রণে আম ঢেলে আরও একবার ব্লেন্ড করে নিন। গ্লাসে নিয়ে এলাচ গুঁড়া ও পেস্তা বাদাম ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল মজাদার পাকা আমের লাচ্ছি।
ম্যাংগো আইসক্রিম
যা যা লাগবে
পাকা আম ২টি (মিষ্টি ও আঁশহীন, পিউরি করে ২ কাপ), হুইপিং ক্রিম/ হেভি ক্রিম ২ কাপ (ঠান্ডা),
কনডেন্সড মিল্ক ১ ক্যান (৩৯৫ গ্রাম),

যেভাবে বানাবেন
আমগুলো টুকরো করে ব্লেন্ডারে মসৃণভাবে ব্লেন্ড করে নিন, যাতে কোনো দলা না থাকে। একটি বড় পাত্রে ঠান্ডা হুইপিং ক্রিম ইলেকট্রিক বিটার দিয়ে ৩-৪ মিনিট বিট করুন, যতক্ষণ না এটি ঘন হয়ে ফোমের মতো হয়।
এবার ফেটানো ক্রিমের সঙ্গে কনডেন্সড মিল্ক এবং আমের পিউরি আলত করে মিশিয়ে নিন। পুরো মিশ্রণটি আরও ১ মিনিট বিট করুন। মিশ্রণটি একটি এয়ারটাইট বক্সে ঢেলে ঢাকনা বন্ধ করে ৮ থেকে ১০ ঘণ্টা অথবা সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিন। বের করে বিট করে আবার সেট করতে দিন। পরিবেশন করার আগে ৫ মিনিট বাইরে রেখে দিলে আইসক্রিমটি নরম হবে এবং স্কুপ করা সহজ হবে। ঘরে বানানো ট্রুটি ফ্রুটি দিয়ে পরিবেশন করতে হবে।
পাকা আমের পায়েস
যা যা লাগবে
গোবিন্দভোগ চাল ১ কাপ, পাকা আম (পিউরি করা) ১ কাপ, দুধ ১ লিটার, চিনি আধা কাপ (স্বাদমতো), লবণ সামান্য (মিষ্টি ভারসাম্য রাখতে), এলাচ গুঁড়া ১ টেবিল চামচ

যেভাবে বানাবেন
প্রথমে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে এক কাপ পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিন। একটি ডেকচিতে দুধ জ্বাল দিন। দুধ ফুটে উঠলে ভেজানো চালগুলো দিন। এবার ক্রমাগত নেড়ে যান, যাতে চাল দলা না পাকায়। চাল আধা সিদ্ধ হয়ে এলে এতে চিনি ও এক চিমটি লবণ দিন। এতে স্বাদ আরও ভালো হবে। পাকা আমের টুকরা থেকে আঁশ বাদ দিয়ে ব্লেন্ড করে একটি মসৃণ পিউরি বানিয়ে নিন। পরে চাল পুরোপুরি সিদ্ধ হলে এবং পায়েস ঘন হয়ে এলে গ্যাস একটু কমিয়ে তাতে আমের পিউরি মিশিয়ে নিন। ভালোভাবে নেড়ে শেষে এলাচ গুঁড়া মেশান এবং আরও ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নিন। পরবর্তীতে ঠান্ডা করে ওপরে কাজু, কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করেও খেতে পারেন।
পাকা আমের পুডিং
যা যা লাগবে
ঘন দুধ ১ কাপ, চিনি হাফ কাপ, আম ২টি, ডিম ২টি

যেভাবে বানাবেন
প্রথমে আম ছোট ছোট করে কেটে নিন। দুধ জ্বাল দিয়ে ঘন করুন এবং ঠান্ডা করে নিন। এবার ব্লেন্ডার জগে আম, চিনি, দুধ ও ডিম সবকিছু দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি মোটামুটি ঘন ও থকথকে হবে। যদি বেশি ঘন হয়ে যায়, লিকুইড দুধ মিশিয়ে নিতে হবে। এবার একটি স্টিলের টিফিন বক্সে পুডিংয়ের মিশ্রণ ঢেলে নিতে হবে। বড় সসপ্যানে পানি ফুটতে দিন। এবার একটি স্ট্যান্ড প্যানে সেট করে তার উওপর স্টিলের টিফিন বক্সটি রাখুন। বাটির ঢাকনা ভালোভাবে আটকাবেন এবং পানি যেন ভেতরে না যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। চুলার আঁচ মিডিয়াম রাখুন, ১৫-২০ মিনিট অপেক্ষা করে চেক করুন পুডিং জমেছে কি না। পুডিং জমে গেলে চুলা নিভিয়ে দিন। এরপর রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। আমের পুডিং তৈরি।