প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
বৃষ্টিভেজা সফরে ভুল হচ্ছে না তো?
বৃষ্টিভেজা প্রকৃতিতে ঘুরতে বেশ ভালো লাগে। তবে এই সময় ঘোরাঘুরিতে বিপদও কম হয় না। অনেকেই এই বর্ষা-বৃষ্টিতে ঝরনা, নদী, পাহাড়ে ঘুরতে যাবেন। ট্রেকিং করতে যারা ভালোবাসেন তাদের জন্য তো বটেই, সমুদ্রপাড়ের প্রতি ভালোবাসাও এ সময় অদ্ভূতভাবে বেড়ে যায়। এ সময়ে ঘুরতে গেলে ভালো লাগা যেমন বাড়ে, তেমনই সাবধানতা না থাকলে বিপদের আশঙ্কাও বাড়ে। এ সময় কীভাবে ভ্রমণসূচি সাজাবেন চলুন জেনে নেওয়া যাক।
সঠিক গন্তব্য বাছাই
মোহনীয় বৃষ্টিতে ঘুরতে যাওয়ার শখ হতেই পারে। তবে বৃষ্টি বেশি হলে সেই জায়গা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে কি নাÑ সেটি অবশ্যই মাথায় রাখতে হবে। বিশেষত পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। আবার বৃষ্টি হলে নদী ফুঁসে উঠে রাস্তায় পানি চলে আসতে পারে। বর্ষায় গন্তব্য বাছাই করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে বিপর্যয়ের কোনো আশঙ্কা সেখানে আছে কি না। বের হওয়ার আগে অবশ্যই আবহাওয়া দপ্তর কী বলছে, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে কী বলছে, কী কী সতর্কতা জারি করা হয়েছেÑ এসব জেনে নিতে হবে।
বর্ষার উপযোগী জিনিস
বৃষ্টিতে বের হওয়ার পরিকল্পনা যদি করেই থাকেন তবে বাড়তি সাবধানতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জামাকাপড় ও গ্যাজেটের দিকে খেয়াল রাখা। পানিনিরোধী ব্যাগ নিতে হবে যেন গ্যাজেট সাবধানে রাখা যায়। এমন পোশাক সঙ্গে নিতে হবে যেগুলো ভিজলেও দ্রুত শুকিয়ে যাবে। জুতা ভিজে গেলে হাঁটতে কষ্ট হয়। ওয়াটারপ্রুফ জুতো এক্ষেত্রে বেছে নিতে পারেন। রেইনকোট আর ছাতা তো অবশ্যই সঙ্গে রাখতে হবে।
খাবারের দিকে খেয়াল
চারদিকে যখন প্রচুর বৃষ্টি, তখন খাবার পেতে সমস্যা হওয়ার আশঙ্কা বাড়ে। বিশেষ করে এমন জায়গায় যদি ঘুরতে যান, যেখানে পানি ঝরনা বা ছড়া থেকে আসে। কারণ এই পানিতে মাটি মিশে থাকতে পারে। যে পানি পান করবেন সেটা অবশ্যই সতর্কতার সঙ্গে পান করতে হবে। পেটের সংক্রমণ এড়াতে রাস্তার খাবার এড়িয়ে চলাই ভালো। অবশ্যই খাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে নেবেন।
বাইরে যাওয়ার আগে বাড়তি শুকনো খাবার ও পানি সঙ্গে রাখুন। কোনো কারণে কোথাও আটকা পড়লে যেন খাবারের অভাব না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বাদাম, খেজুর, ফল, মুড়ি, চকলেট, পানি এসব হাতের কাছেই রাখুন।
থাকার জায়গা সম্পর্কে ভালোভাবে জানা
ঘুরতে যাওয়ার মনস্থির যেহেতু করেই ফেলেছেন, তাহলে এমন জায়গা বেছে নিন যেখানে বিপদে পড়লেও অন্তত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে না। সেক্ষেত্রে একেবারে দুর্গম বা প্রত্যন্ত এলাকা বেছে না নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকা যাবেÑ এমন হোম স্টে বা হোটেল বেছে নিন। বর্ষার মৌসুমে বিপদ হতে পারে, এটা ভেবে নিয়েই সাবধানতা অবলম্বন করুন। এতে মানসিকভাবে যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকবেন।
পাওয়ার ব্যাংক
বের হওয়ার আগে অবশ্যই পাওয়ার ব্যাংকে ফুল চার্জ দিয়ে নিতে হবে। যে এলাকায় অবস্থান করছেন, বর্ষায় কখনও কখনও দীর্ঘ সময় বিদ্যুৎ নাও থাকতে পারে। সেক্ষেত্রে আগে থেকে প্রস্তুতি নেওয়া ভালো।