প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৭:৪২ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৬ ১৪:৪৮ পিএম
বিশ্বরঙ নীল উৎসব ২০২৬ ও উদ্যোক্তা ভূমির দ্বিতীয় বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত
বাংলার বর্ষার সৌন্দর্য, সংস্কৃতি ও উদ্যোক্তা চেতনাকে উদযাপন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বরঙ নীল উৎসব ২০২৬ এবং উদ্যোক্তা ভূমির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন; নাজিম হাসান সাত্তার, উপ-ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন; রাহুল বড়ুয়া, সহকারী মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন; নওশাদ মোস্তফা, উপ-মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক; নাসরিন সুলতানা, উপ-ব্যবস্থাপক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক); বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী; বিশিষ্ট সাংবাদিক শেখ সাইফুর রহমান; বিশিষ্ট চিত্রশিল্পী জিয়া বিপ্লব এবং বিশিষ্ট সঙ্গীতশিল্পী হোমায়েরা বশির।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, পারসোনা'র প্রতিষ্ঠাতা ও পরিচালক কানিজ আলমাস খান, জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী, অভিনেত্রী রোজী সিদ্দিকী, মনিরা মিঠু, দীপা খন্দকার, শবনম ফারিয়া এবং সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা।

অনুষ্ঠানের শুরুতে বিশ্বরঙ ও উদ্যোক্তা ভূমির কর্ণধার বিপ্লব সাহা স্বাগত বক্তব্যে বলেন, “বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, সৃজনশীলতা ও উদ্যোক্তা চেতনাকে এক মঞ্চে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নীল উৎসব কেবল একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, শিল্প ও সম্ভাবনাকে উদযাপনের একটি অনন্য প্ল্যাটফর্ম।”
অনুষ্ঠানে উদ্যোক্তা হিসেবে নাতাশা হায়াত-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া ‘বিশ্বরঙ বর্ষামুখ ২০২৬’ ফটো কনটেস্টের চূড়ান্ত পর্বে নির্বাচিত প্রতিযোগীদের সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরি থেকে নির্বাচিত সেরা ১০ জন নারী, সেরা ৩ জন পুরুষ এবং সেরা ৩ জন কিডস প্রতিযোগীকে মঞ্চে সার্টিফিকেট ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন (BTS)-এর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।

পাশাপাশি চিত্রশিল্পীদের লাইভ পেইন্টিং এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৬-এ নির্বাচিত শিল্পীদের চিত্রকর্ম নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে দর্শনার্থীরা শিল্পীদের সৃজনশীল কর্মযজ্ঞ উপভোগ করেন এবং তাদের উৎসাহিত করেন।
পুরো অনুষ্ঠান জুড়ে প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায় ছিলেন রীতি প্রভা ও সাদাব হাসমি।

সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান, শিল্প প্রদর্শনী এবং উদ্যোক্তাদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহযোগিতা করা সকল অতিথি, শিল্পী, উদ্যোক্তা, প্রতিযোগী, অংশগ্রহণকারী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।