শাহরিয়ার হাসান তপু
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন আপনাকে খুলে দিতে পারে বৈশ্বিক কর্মবাজার
বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় কোনো ভাষা জানা থাকলে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেবে সরকার। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাই আজ থাকছে তৃতীয় ভাষা শিক্ষার আদ্যোপান্ত। লিখেছেন শাহরিয়ার হাসান তপু
বর্তমান বিশ্বের চাকরি, উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। এই প্রতিযোগিতায় নিজেকে আলাদা করে তুলে ধরতে শুধু একাডেমিক সনদই যথেষ্ট নয়; প্রয়োজন অতিরিক্ত দক্ষতারও। আর সেই দক্ষতার তালিকায় নতুন একটি ভাষা শেখা হতে পারে সবচেয়ে কার্যকর বিনিয়োগগুলোর একটি। মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন আপনাকে খুলে দিতে পারে বৈশ্বিক কর্মবাজার, আন্তর্জাতিক শিক্ষা ও বহুসাংস্কৃতিক যোগাযোগের নতুন দরজা। জাপানি, চীনা, কোরিয়ান, জার্মান, ফরাসি কিংবা আরবি- যে ভাষাই হোক না কেন, এর সঙ্গে যুক্ত হতে পারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা এবং পেশাগত অগ্রগতির বাড়তি সুবিধা। বাংলাদেশেও এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ভাষা ইনস্টিটিউট ও প্রশিক্ষণকেন্দ্রে ভাষা শিক্ষার সুযোগ ক্রমেই বিস্তৃত হচ্ছে। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থেকে শুরু করে স্বল্পমেয়াদি সার্টিফিকেট, ডিপ্লোমা ও দক্ষতাভিত্তিক কোর্স- নিজের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী বেছে নেওয়া যায় নানা বিকল্প। কোন ভাষা শিখবেন, কোথায় শিখবেন এবং কত খরচ হতে পারে- এসব তথ্য নিয়েই আমাদের আজকের আয়োজন।
খরচ কেমন
ভাষা বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নিতে গেলে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়মকানুন অনুসরণ করতে হয়। পেশাদার মাস্টার্স কোর্সের খরচ বিশ্ববিদ্যালয়ভেদে একেক রকম। সার্টিফিকেট কোর্সের খরচ সাধারণত ২ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে। ডিপ্লোমা করতে খরচ পড়ে ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা। এ ছাড়া ভাষাদক্ষতা সংশ্লিষ্ট কোর্সের খরচ শ্রেণিভেদে ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা হতে পারে।
ভর্তির যোগ্যতা
উচ্চমাধ্যমিক পাস হলেই আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষাকেন্দ্র থেকে সার্টিফিকেট কোর্সের জন্য আবেদন করতে পারেন। বিশেষায়িত ভাষাকেন্দ্রগুলোতেও উচ্চমাধ্যমিক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যায়। বিভিন্ন ভাষাকেন্দ্রে বিভিন্ন পাঠক্রম অনুসারে ভাষা শেখানো হয়। চার বছরের স্নাতক প্রোগ্রাম ছাড়া তিন থেকে ১৮ মাসব্যাপী বিভিন্ন কোর্স ও সনদ গ্রহণের সুযোগ আছে।
স্নাতক ও স্নাতকোত্তরের সুযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন জাপানিজ স্টাডিজ (বিস্তারিত : https://djs.du.ac.bd/) বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করা যায়। এ ছাড়া মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ পড়ার সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে এমএ ইন চায়নিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিষয়ে মাস্টার্স করতে পারেন। কলা অনুষদের অধীনে আরবি, ফারসি ভাষা ও সাহিত্য, উর্দু বিষয়েও স্নাতক ও স্নাতকোত্তর করা যায়। বিস্তারিত : www.du.ac.bd/departments
ডিপ্লোমার খোঁজখবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বিভিন্ন ভাষার ওপর ডিপ্লোমা ও উচ্চতর ডিপ্লোমা করার সুযোগ আছে। আরবি, ইংরেজি, চীনা, ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, ফারসি, রুশ, স্প্যানিশ, কোরীয়সহ বিভিন্ন ভাষায় ডিপ্লোমা করতে পারেন। বিস্তারিত : www.du.ac.bd/body/AcademicCalender/IML
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভাষার ওপর দুই সেমিস্টারে এক বছর মেয়াদি ডিপ্লোমা করা যায়। এ ডিপ্লোমা কোর্স সবার জন্য উন্মুক্ত। সেন্টার ফর মডার্ন ল্যাঙ্গুয়েজে আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানি, রুশ ও তুর্কি ভাষায় অ্যালিমেন্টরি কোর্স, লেভেল ১ কোর্স ও ডিপ্লোমা কোর্সের সুযোগ আছে। বিস্তারিত : bup.edu.bd/faculty_home/8/message
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইংরেজি, ফরাসি, আরবি, চীনা, জার্মান ও জাপানি ভাষার ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে। এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে যেকেউ আবেদন করতে পারেন। বিস্তারিত : www.sust.edu/institutes/iml/program
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে আরবি ভাষায় ডিপ্লোমা করতে পারেন। বিস্তারিত : www.iiuc.ac.bd/program/dall
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানি, চীনা, আরবি ও ফারসি ভাষা বিষয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ আছে। এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে যেকেউ ভর্তি হতে পারেন। বিস্তারিত জানতে চোখ রাখুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে : cu.ac.bd
কোর্সের খোঁজ
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে জার্মান, চীনা ও ফরাসি ভাষায় কোর্স করার সুযোগ আছে। বিস্তারিত : buft.edu.bd/center-for-international-language-and-culture
নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংলিশ ও মডার্ন ল্যাঙ্গুয়েজ বিভাগ থেকে জাপানিসহ বিভিন্ন ভাষায় সার্টিফিকেট কোর্স করার সুযোগ আছে। বিস্তারিত : northsouth.edu/academic/shss/lml.html
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ফরাসি ও কোরীয় ভাষায় কোর্স করার সুযোগ আছে। বিস্তারিত : ice.aiub.edu/admission
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ থেকে এমএ ইন টিইএসওএলসহ ফরাসি, স্প্যানিশ ও চীনা ভাষায় কোর্স করার সুযোগ আছে। বিস্তারিত : www.bracu.ac.bd/academics/institutes/brac-institute-languages/about-bil
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে কোরিয়ান ভাষা শেখার সুযোগ আছে। বিশ্ববিদ্যালয়ের কিং সেজং ইনস্টিটিউট থেকে কোরিয়ান ভাষা শিখছেন অনেকে। প্রাথমিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কোরিয়ান ভাষা শেখা যায় এখানে। বিস্তারিত : iub.ac.bd/academics/institutes-centers-and-cells/institute/ksi
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউটের অধীন ১০টি ভাষার ওপর সার্টিফিকেট কোর্সে ভর্তি হওয়া যায়। ছয় মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের মাধ্যমে ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানি, চীনা, হিন্দি, স্প্যানিশ, রুশ, কোরীয় ভাষা শিখতে পারেন। বিস্তারিত : www.ru.ac.bd/ieol/
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি, ফরাসি, জাপানি, জার্মান, চীনা, কোরিয়ান ও স্প্যানিশ ভাষা শেখা যায়। বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষাকেন্দ্র অফিসে (টিএসসি ভবন) যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন।
সবার জন্য
রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ ভাষা শেখার সুযোগ আছে। নয় মাসে তিন সেমিস্টারে বিভক্ত ক্লাস। শিশু-কিশোররাও এখানে নিয়মিত ক্লাসে অংশ নেয়। বিস্তারিত : facebook.com/@RHDDHAKABD/
আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষা শিক্ষার পাশাপাশি ফরাসি সংস্কৃতি সম্পর্কে জানার নানা সুযোগ আছে। এ প্রতিষ্ঠান থেকে ফরাসি ভাষার আন্তর্জাতিক ডিপ্লোমা ডিইএলএফ, ডিএএলএফ, টিইএফসহ বিভিন্ন সনদ নিতে পারেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ যেকেউই নির্ধারিত ফির বিনিময়ে শিখতে পারবেন। ঢাকা ও চট্টগ্রামে আলিয়ঁস ফ্রঁসেজের শাখা আছে। কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার্থে বা জাতিসংঘ মিশনে দোভাষী হিসেবে কাজ করার জন্য অনেকে ফরাসি ভাষা শেখেন। বিস্তারিত : www.afdhaka.org/
গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশে জার্মান ভাষা শেখার সুযোগ আছে। সার্টিফিকেট কোর্স থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিতে কোর্স অফার করা হয়। বিস্তারিত : www.goethe.de/ins/bd/en/spr/kur/all.html