প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৬ ১৫:২১ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৬ ১৫:২১ পিএম
গরমে ঘুরতে গেলে শিশুদের জন্য যে খাবারগুলো নিতে পারেন
গরমে শারীরিক অস্বস্তি যেমন বাড়ে, তেমনই খাবারে অরুচিও বাড়তে থাকে। খাবারের একটু এদিক-সেদিক হলেই হজমে সমস্যা হয়। সব বয়সীদেরই পেটের সমস্যা এ সময় বেড়ে যায়। বিশেষ করে যদি বাইরে ঘুরতে যাওয়া হয় তখন বাড়তি সাবধানতা না থাকলে ভুগতে হয় নানা বিপত্তিতে। সফরের সঙ্গীর বয়স যদি কম হয়, সেক্ষেত্রে বেশি করে খাবার সঙ্গে নিয়েই বের হতে হবে। যে ধরনের খাবার নিতে পারেন ছোট সফরসঙ্গীর জন্য-
ছোলা-মটর ও নারিকেল
প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকে ছোলা-মটরে। বালিতে ভাজা ছোলা, মটর, বাদামের মসলা, ভাজা নারকেল এগুলো সঙ্গে রাখুন। ঘুরতে গেলে বাইরের খাবারের বদলে শিশুর হাতে তুলে দিন পুষ্টিসমৃদ্ধ এই খাবারগুলো।
হরেক রকম বাদাম ও বীজ
নানা ধরনের বাদাম ও বীজও স্বাস্থ্যকর নাশতা হিসেবে বেশ ভালো। ঘিতে লবণ দিয়ে বাদাম, বীজ হালকা ভেজে রোস্ট করে নিতে পারেন। স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিনে পূর্ণ বাদাম। বাইরের চিপস, চানাচুর, বিস্কুট না খেয়ে এগুলো খেলে পেট ভরা থাকবে অনেকক্ষণ, পর্যাপ্ত পুষ্টিরও ঘাটতি হবে না।
নানা ধরনের ফল
অল্প যাত্রার সফর হলে কিছু ফলও সঙ্গে রাখতে পারেন। গরমে বাজারে নানা স্বাদের ফল পাওয়া যাচ্ছে। ছোট একটি বাক্সে তরমুজ, আনারস, পেঁপে, পেয়ারা, আম কেটে নিতে পারেন। গাড়িতে নিলে খেয়াল রাখুন ঠান্ডায় যেন থাকে ফলগুলো। নইলে গরমে নষ্ট হয়ে যেতে পারে। অল্প সময়ে খাবারগুলো খেয়ে ফেলতে হবে।
চিপস
বাইরে দোকান থেকে কিনে নয়, বরং ঘরে বানানো চিপস নিয়ে বাসা থেকে বের হন। আলু ছাড়া কাঁচকলা, মিষ্টি আলু দিয়েও চিপস বানিয়ে নিতে পারেন। চাইলে রোস্ট করা মাখানা, ওটসও নিতে পারেন।