সাহিদা আক্তার
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী।
‘গ্রিনকোর বাংলাদেশ’ (GreenCore Bangladesh) নামে অংশ নেওয়া দলটি এশিয়ার বিভিন্ন দেশের ২৭টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য অর্জন করে। প্রতিযোগিতায় হংকং, তাইওয়ান, তুরস্ক, ফিলিপাইন ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার মূল বিষয় ছিল পরিবেশবান্ধব কংক্রিট ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করে টেকসই সিভিল ইঞ্জিনিয়ারিং সমাধান উদ্ভাবন। অংশগ্রহণকারী দলগুলোর মূল্যায়ন করা হয় কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ (চাপ সহনশীলতা) পরীক্ষা, কারিগরি উপস্থাপনা এবং বাস্তবায়নযোগ্যতা বিশ্লেষণের ভিত্তিতে।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই দলটিকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। কোনো প্রাতিষ্ঠানিক অর্থায়ন না থাকায় ভ্রমণ, আবাসন ও নিবন্ধন ব্যয় মেটাতে শিক্ষার্থীরা নিজেদের সঞ্চয়, পরিবারের সহায়তা এবং শুভানুধ্যায়ীদের অনুদানের ওপর নির্ভর করেন।
পড়াশোনা, ল্যাবরেটরির কাজ ও পরীক্ষার ব্যস্ততার মধ্যেও দলটির সদস্যরা দীর্ঘ সময় ধরে কংক্রিটের মিশ্রণ উন্নয়ন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং উপস্থাপনা প্রস্তুতিতে নিরলস পরিশ্রম করেছেন। দলের সদস্য নাজমুস সাকিব নাবিল এ অর্জনকে দেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দৃঢ় সংকল্প ও আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা তুলে ধরার প্রত্যয়ই তাদের অনুপ্রেরণা জুগিয়েছে। দলের অন্য তিন শিক্ষার্থী হলেনÑ নিজাম আব্দুল্লাহ তাওসিফ, সানি উল হক, রুপম।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের এই সাফল্য ও নিষ্ঠার প্রশংসা করে আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগে আরও বেশি সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।