প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ জুন ২০২৬ ১৩:১১ পিএম
পোষ্য কুকুরের আর্থ্রাইটিস
বাড়িতে পোষ্য কুকুর থাকা মানে অল্প কয়েক দিনের মধ্যে পরিবারের একজন সদস্য হয়ে ওঠা। এই সদস্যের সঙ্গে প্রতিদিনের হাসিকান্না, ভালো লাগা, মন্দ লাগা, ছোট-বড় নানা মুহূর্তের অনুভূতি জুড়ে যায়। তবে নানা সময় সেও অসুস্থ হয়। তখন পরিবারের সবার দুশ্চিন্তার অন্ত থাকে না। অথচ এই কুকুরটাই ছোট থাকতে সবার আদরের হয়। ধীরে ধীরে বড় হতে থাকলে একটা বয়সে এসে বৃদ্ধ হয়ে পড়ে। বৃদ্ধ হলেই আশঙ্কা বেড়ে যায় আর্থ্রাইটিস হওয়ার। এই সমস্যা থেকে কুকুরকে সুস্থ রাখার জন্য আগে থেকেই নিতে হবে কিছু প্রস্তুতি-
খেয়াল রাখুন কুকুরের ওজনের দিকে
মানুষের মতোই পোষ্য কুকুরের ওজন যদি বয়স বাড়লে অতিরিক্ত বেড়ে যায়, তবে গাঁটে যন্ত্রণা বাড়তে পারে। তাই প্রতিদিন কুকুরকে কী কী খাবার দেওয়া হচ্ছে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে নিয়মিত ওজনও মাপতে হবে। ভেটের পরামর্শ নিয়ে প্রয়োজনে কমাতে হবে খাবারের পরিমাণ, বাছতে হবে খাবারের ধরন।
নিয়মিত সচল রাখতে হবে
একবার যদি ওজন বেড়ে যায়, তবে পোষ্যকে নতুনভাবে কম খাবারে অভ্যাস করানো বেশ কঠিন হয়ে যায়। তাই সব সময়ই তাকে হাঁটাচলার মধ্যে রাখতে হবে। হাঁটার পাশাপাশি যদি দৌড় করানো যায়, অথবা সাঁতার কাটাতে নিয়ে যাওয়া যায়, তবে ওজন আচমকা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে না। আর্থ্রাইটিস হওয়ার শঙ্কাও কমে যায় অনেকখানি।
বাড়িতে অনুকূল পরিবেশ
কুকুরের পায়ের গড়ন মানুষের থেকে আলাদা। বাড়ির মেঝে যদি অতিরিক্ত মসৃণ হয়, তবে তাতে পোষ্যটির পা হড়কে যেতে পারে। চলতে-ফিরতে গিয়ে সে হয়তো পড়ে যাচ্ছে না, কিন্তু দীর্ঘদিন এমন হলে পায়ের পেশিতে টান ধরে যায়। তাই সম্ভব হলে মেঝেতে কার্পেট অথবা ম্যাট পেতে রাখতে হবে। যার ওপর হাঁটলে কুকুরের পায়ে বাড়তি চাপ পড়ে না।
প্রয়োজনে সাপ্লিমেন্ট বেছে নিন
আর্থ্রাইটিস হয়েছে বুঝতে পারার পরই যে হেলথ সাপ্লিমেন্ট খাওয়ানো শুরু করতে হবে, এমন নয়। সময় থাকতেই পরামর্শ নিতে হবে পশু চিকিৎসকের। কুকুরের জয়েন্ট হেলথ ভালো রাখতে কাজে দেয়, এমন সাপ্লিমেন্ট খাওয়াতে পারেন অল্প বয়স থেকেই। এতে হাড়ের রোগ হওয়া বেশখানিকটা আটকানো যায়। সাপ্লিমেন্টে উপাদান হিসেবে ওমেগা-থ্রি থাকলে, তা হাড় মজবুত করতে সাহায্য করে।