আসমা হোসাইন সুমি
প্রকাশ : ৩১ মে ২০২৬ ১৭:৩৭ পিএম
ঈদের স্বাদ-কাহন
ঈদের দিন টেবিলে মুখরোচক কিছু না হলে কি জমে? গতানুগতিক স্বাদের বাইরে ভিন্ন কিছু খাবার হলে উৎসব যেন আরও আনন্দের হয়ে ওঠে। আজকের হেঁশেলে রইল ঈদের জন্য তৈরি করা ভিন্ন স্বাদের কয়েকটি রেসিপি
অরেঞ্জ স্পাইসি বিফ
যা যা লাগবে
গরুর মাংস (পাতলা কাটা) ৫০০ গ্রাম, কমলার রস ১/২ কাপ, সয়াসস ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, মরিচ ফ্লেক্স ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

যেভাবে বানাবেন
মাংসে কর্নফ্লাওয়ার দিয়ে তেলে হালকা ভেজে নিতে হবে। প্যানে তেল দিয়ে রসুন কুচি দিয়ে ভেজে কমলার রস, সয়াসস ও টমেটো সস দিয়ে সাথে চিলি ফ্লেক্স দিয়ে সস ঘন করে নিতে হবে। ঘন সসের সাথে ভেজে রাখা মাংস মিশিয়ে কোট করে নামিয়ে নিতে হবে। কয়েক পিস অরেঞ্জ স্লাইস করে সাজিয়ে পরিবেশন করলে দেখতে দারুণ লাগবে।
মাটন কোরমা
যা যা লাগবে
মাটন ৬০০ গ্রাম, দই ১/২ কাপ, কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ কাপ, আদা-রসুন বাটা ২ চা চামচ, ধনিয়ার গুঁড়ো ১ চা চামচ, জিরা গুঁড়ো ১ চা চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, ঘি ৩ টেবিল চামচ

যেভাবে বানাবেন
ঘিতে পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে সাথে দই ও মসলা দিয়ে আরও ভালো করে কষাতে হবে। মাটন দিয়ে কষিয়ে, পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। কাজুবাদাম বাটা দিয়ে ঘন করে নিতে হবে, রিচ গ্রেভি হলে নামিয়ে পরিবেশন করবেন।

