গোলাম কিবরিয়া
প্রকাশ : ২৭ মে ২০২৬ ০৮:১০ এএম
আপডেট : ২৭ মে ২০২৬ ১৯:২৪ পিএম
মাউন্ট এভারেস্ট চূড়ায় পর্বতারোহী নুরুননাহার নিম্নি
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট চূড়ায় লাল সবুজের পতাকা ওড়ালেন পর্বতারোহী নুরুননাহার নিম্নি। আজ (২৭ মে) নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে তিনি চূড়ায় পৌঁছান। প্রতিদিনের বাংলাদেশকে খবরটি নিশ্চিত করেছে দেশের আরেক এভারেস্ট জয়ী ইকরামুল হাসান শাকিল। নিম্নির ক্লাব বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবও বিষয়টি নিশ্চিত করেছেন।২০২৬ সালের এভারেস্ট অভিযান সিজনের সর্বশেষ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, ২৭ ও ২৮ মে ছিল শেষ সামিট উইন্ডো। সেই লক্ষ্যেই ২৫ মে ভোরে নিম্নি ক্যাম্প-২ থেকে ক্যাম্প-৩ এর উদ্দেশ্যে রওনা হোন। পর্বতারোহী
নিম্নি ২৬ মে ক্যাম্প-৪-এ পৌঁছান। এদিন সন্ধ্যা ছয়টায় সামিটপুশ শুরু করেন।
অবশেষে আজ (২৭ মে) সকালে চূরায় আরোহন করেন নিম্নি।
এর আগে নিম্নি এভারেস্ট জয়ের স্বপ্ন প্রসঙ্গে বলেন, এটি দীর্ঘদিনের কোনো পরিকল্পনা ছিল না; বরং ধীরে ধীরে পাহাড়ের প্রতি ভালোবাসা থেকেই এই স্বপ্নের জন্ম। ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে অধ্যয়নকালে সীতাকুণ্ডে ফিল্ডওয়ার্কে গিয়ে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার অভিজ্ঞতা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। এরপর থেকেই পাহাড়ের প্রতি তার বিশেষ আকর্ষণ তৈরি হয়।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় জীবনে বান্দরবানের পাহাড়ে বেশি সময় কাটিয়েছেন। পরবর্তীকালে ভুটান, ভারতের সিকিম ও নেপালের পাহাড়ে ভ্রমণের অভিজ্ঞতা তাকে আরও উচ্চতায় যাওয়ার অনুপ্রেরণা দেয়। ২০১৯ সালে নেপালের অস্ট্রেলিয়ান ক্যাম্প সফরের পর তিনি পর্বতারোহণে আরও গুরুত্ব দেন। পরের বছর এভারেস্ট বেজক্যাম্প ট্রেক করার অভিজ্ঞতা তাকে এ বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
২০২২ সালে ভারতের দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন নিম্নি। একই সময়ে পর্বতারোহণে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন এবং ওই বছরই বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সঙ্গে যুক্ত হোন। এরপর নিয়মিত বিভিন্ন অভিযানে অংশ নিয়ে গত বছর ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমাল শৃঙ্গ জয় করেন।